শ্যামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর শ্যামপুর এলাকায় আন্না বেগম (২০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ওই এলাকার মীর হাজিরবাগের মোক্তার মোল্লার গলির একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও আন্নার পরিবারের ধারণা, দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন এই গৃহবধূ।
স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ঘটনাটি ঘটেছে উল্লেখ করে আন্নার মামা মোস্তফা কামাল বলেন, নিজের পছন্দে তাঁর ভাগনি আবদুল মান্নান নামে এক যুবককে এক বছর আগে বিয়ে করেন। কিন্তু মান্নানের উপার্জন না থাকায় দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মাঝেমধ্যে আন্নাকে মারধর করতেন মান্নান। আজ দুপুরেও দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মান্নান ঘর থেকে বের হয়ে যান। এর পর থেকে তাঁদের ঘরের দরজা বন্ধ ছিল। কোনো সাড়াশব্দ না পেয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে ঘরটির দরজা খোলা হলে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় আন্নাকে দেখতে পান তাঁরা। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হক প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য আন্নার স্বামী মান্নানকে থানায় আনা হয়েছে।