শ্যামপুরে যুবক খুন
রাজধানীর শ্যামপুরে ছুরিকাঘাতে মো. শাহেদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শ্যামপুরের ঢালকানগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. পাপ্পু (২৭) নামের স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবদুর রাজ্জাক বলেন, রাতে বাসা থেকে বের হয়েছিলেন শাহেদ। তাঁর বাসার সামনে প্রতিবেশী এক যুবক শাহেদের কাছে এত রাতে বের হওয়ার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে শাহেদ ওই যুবককে চড় মারেন। কিছুক্ষণ পর ওই যুবক পাপ্পু নামে এক প্রতিবেশীসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে শাহেদকে মারধর করেন। এ সময় ছুরিকাঘাতে আহত হন শাহেদ। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সন্দেহভাজন যু্বক পাপ্পুকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।