শ্যামপুরে শিশু হত্যা

সাত বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শ্যামপুর আবাসিক এলাকার ডোবা থেকে মো. আবদুল্লাহ নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ভারী কোনো বস্তুর আঘাতে শিশুটিকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, শিশু আবদুল্লাহ মা-বাবার সঙ্গে শ্যামপুরে আলীবহর এলাকায় থাকত। গতকাল সকালে বাসা থেকে আবদুল্লাহ নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করে তার সন্ধান মেলেনি। বেলা আড়াইটার দিকে শ্যামপুর শিল্প এলাকার উজালা ম্যাচ কারখানার পেছনের ডোবার কাদাপানিতে স্থানীয় বাসিন্দারা একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। স্থানীয় কয়েক ব্যক্তি আবদুল্লাহর মাকে এসে একটি শিশু ডোবার কাদাপানিতে পড়ে আছে বলে জানান। পরে স্বজনেরা আবদুল্লাহকে নিথর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি অনেক আগেই মারা গেছে। তার কপাল ও চোখ থেঁতলানো।
হাসপাতালে আবদুল্লাহর মা আয়েশা বেগম বলেন, ‘সকাল থেকে আবদুল্লাহর খোঁজ পাচ্ছিলাম না। দুই-তিন দিন আগে পাশের বাড়ির তিন কিশোরের সঙ্গে খেলা নিয়ে ঝগড়া হয়েছিল। এর জের ধরে ওরা আমার বুকের ধনকে মেরে ফেলতে পারে।’
আবদুল্লাহর বাবা গোলাম মোস্তফা বিদ্যুৎ বিভাগে চাকরি করেন। এক ভাই এক বোনের মধ্যে আবদুল্লাহ বড়।
শিশুটির বাবা গোলাম মোস্তফা বলেন, তাঁর বন্ধু হানিফের ছেলের সঙ্গে ফুটবল খেলা নিয়ে আবদুল্লাহর তর্কাতর্কি হয়েছিল। তাঁর সন্দেহ হানিফের ছেলের নেতৃত্বে তাঁর ছেলেকে খুন করা হতে পারে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, শিশু আবদুল্লাহকে ভারী বস্তুর আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। ঘটনাস্থল থেকে একটি লোহার খণ্ড জব্দ করা হয়েছে।