শ্যাম্পুর বোতলে ২২ লাখ টাকার সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্যাম্পুর বোতলের ভেতর থেকে প্রায় আধা কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে আসা শেখ রনি আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মিলন শেখ প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দো এয়ারলাইনসের যাত্রী রনি আহমেদকে তল্লাশি করা হয়। তাঁর কাছে থাকা প্যানটিন ব্র্যান্ডের ৪০০ মিলিলিটারের দুটি শ্যাম্পুর বোতলের ভেতর সোনা রাখা ছিল। সোনার বার গলিয়ে লম্বা দুটি কাঠি তৈরি করে বোতল দুটির ভেতর ঢোকানো হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৪৬২ গ্রাম। এর মূল্য প্রায় ২২ লাখ টাকা।
ডিডি মিলন শেখ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি দাবি করেন, আটক সোনার মালিক তিনি নন। মালয়েশিয়াতে বেড়াতে গেলে এক ব্যক্তি ঢাকায় তাঁর এক স্বজনের জন্য দুই বোতল শ্যাম্পু দিয়েছিলেন। শ্যাম্পুর বোতলের ভেতর সোনা থাকার কথা রনি জানতেন না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।