শ্যালক খুন, গ্রেপ্তার দুলাভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুমিয়ে থাকা শ্যালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। গত শনিবার রাতে চকবাজার বাদুরতলা জঙ্গিশাহ মাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে। দুলাভাই জানে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শ্যালক তৌহিদুল আলম (২৬) ও দুলাভাই দুজনই পেশায় রংমিস্ত্রি। বোনের বাসায় থাকতেন তৌহিদ। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ ফটিকছড়ির সুন্দরপুরে তাঁর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের বড় বোন নুর বানু প্রথম আলোকে জানান, পারিবারিক বিরোধের জের ধরে গত শনিবার রাতে তাঁর স্বামী গালাগাল করেন ছোট ভাই তৌহিদকে। এ সময় উত্তেজিত হয়ে দুলাভাইকেও গালাগাল করেন তৌহিদ। পরে রাতে তৌহিদ ঘুমিয়ে পড়লে বঁটি ও ছুরি দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তাঁর স্বামী। এ ঘটনায় তিনি বাদী হয়ে তাঁর স্বামী জানে আলমকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ জানান, নিহতের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ওই বাসার পাশে আরেকটি বাসা থেকে জানে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধের জের ধরে শ্যালককে খুন করেছেন বলে জানে আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন। জানে আলমকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
নিহতের বড় ভাই বদিউল আলম বলেন, শহরে তাঁর বোনের জামাইয়ের সঙ্গে রংমিস্ত্রির কাজ করতেন তাঁর ভাই। এ কারণে বোনের বাসায় থাকতেন। পারিবারিকভাবে কিছুটা বিরোধ থাকলেও তাঁর ভাইকে এভাবে কুপিয়ে হত্যা করবে, তা তাঁদের ধারণা ছিল না। তাঁর ভাইয়ের দুই ও এক বছর বয়সী দুটি ছেলে রয়েছে।