শ্যালক-দুলাভাইয়ের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে শ্যালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে প্রতিকার পেতে তার দুলাভাইয়ের কাছে নালিশ করে শিশুটি। শ্যালককে বকাঝকা করে শেষে দুলাভাইও একই কর্ম করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বারো বছর বয়সী শিশুটি এখন কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযুক্ত এ কে এম শরীফ (৪০) ও তাঁর শ্যালক রুবেল মিয়া (৩০)। শরীফের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে। আর রুবেল একই উপজেলার সরকারচর গ্রামের বাসিন্দা। বর্তমানে তাঁরা থাকেন নরসিংদীর ভেলানগর মহল্লায়।
জানা যায়, শিশুটির বাড়ি ভৈরবে। শিশুটি চার বছর ধরে শরীফের বাসায় কাজ করে। প্রায় সাত মাস শিশুটিকে রুবেল ধর্ষণ করে। কিছুদিন পর ঘটনাটি শরীফকে জানায় শিশুটি। ধর্ষণ করায় রুবেলকে শরীফ বকাঝকা করে পরে সেও সুযোগ বুঝে ধর্ষণ করে। অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর তাঁরা শিশুটিকে গর্ভপাত করাতে ওষুধ সেবন করান। কিন্তু গর্ভপাত হয়নি। দুমাস আগে শিশুটি পালিয়ে মায়ের কাছে চলে আসে। ২২ জুলাই কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ এনে মামলা করা হয়। মামলায় শরীফ ও রুবেলকে আসামি করা হয়। এই অবস্থায় গত সোমবার শিশুটির গর্ভপাত হয়ে যায়।
ভৈরব থানার এসআই খায়রুল আলম বলেন, আদালতে করা মামলাটির তদন্ত চলছে। এরই মধ্যে গর্ভপাত হয়ে যাওয়ায় নবজতকের ডিএনএ পরীক্ষার জন্য নখ, চুল ও হাড় সংরক্ষণ করা হয়েছে।
ধর্ষণের অভিযোগ অস্বীকার করে এ কে এম শরীফ মুঠোফোনে বলেন, ‘মেয়েটি আমার বাসায় কাজ করত। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমার বাসা থেকে চলে যায়।’
মুঠোফোন বন্ধ থাকায় রুবেলের সঙ্গে যোগাযোগ করা যায়নি।