শ্যালককে অপহরণ করে মুক্তিপণ দাবি, পরে উদ্ধার
আশুলিয়ার কুমকুমারী এলাকায় নিজের শ্যালককে অপহরণ করে শ্বশুরের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে মনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার অপহৃত জুনায়েত আহাম্মেদকে (১২) উদ্ধার করলেও মনির পালিয়েছে। জুনায়েত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নন্দীগ্রামের হাবিবুর রহমানের ছেলে।
হাবিবুর রহমান বলেন, কুমকুমারী গ্রামের দুলাল ফকিরের ছেলে মনির হোসেন। বছর তিনেক আগে বিয়ের পর থেকেই নানা অজুহাতে এই মেয়ে-জামাই তাঁর কাছ থেকে দফায় দফায় টাকা নেন। এবারের ঈদের পর গত মঙ্গলবার তাঁর মেয়ে সুমি আক্তারকে সঙ্গে নিয়ে মনির ময়মনসিংহে তাঁদের বাড়িতে বেড়াতে যান। সেখানে গিয়ে সে আবারও টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মনির গত বুধবার সকালে কৌশলে তাঁর ছেলে জুনায়েত আহাম্মেদকে কুমকুমারী এলাকায় নিজের বাড়িতে নিয়ে আসে। এর পর থেকে ছেলেকে হত্যার হুমকি দিয়ে সে (মনির) তিনি তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলেন বলেও জানান হাবিবুর রহমান।
অপহৃত ছেলেকে উদ্ধারের জন্য আজ সকালে তিনি মেয়ে সুমিকে নিয়ে ময়মনসিংহ থেকে সাভার আসেন। সাভার মডেল থানায় গিয়ে বিষয়টি জানালে কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মালেকা বানু তাঁকে আশুলিয়া থানায় যোগাযোগের পরামর্শ দেন। এ সময় থানায় উপস্থিত এই প্রতিবেদকের নজরে আসে বিষয়টি। এই প্রতিবেদক হাবিবুরের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে তাঁদের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসানের কাছে নিয়ে যান। এর পর নাজমুল হাসান কুমকুমারী এলাকায় অভিযান চালিয়ে জুনায়েতকে উদ্ধার করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির সটকে পড়েন।
সুমি বলেন, তাঁর স্বামী ও শ্বশুর ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ছাড়া মাদক সেবনও করেন তাঁর স্বামী। বিষয়টি বিয়ের আগে তাঁর পরিবারের জানা ছিল না। নেশার টাকার জন্যই তাঁর স্বামী এই অপহরণ নাটক করেন করেন বলে জানান সুমি।
পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, অপহৃত জুনায়েতকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে স্বজনদের কাছে দেওয়া হবে।