শ্যালককে কুপিয়ে খুন, দুলাভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে দুলাভাইয়ের হাতে খুন হয়েছেন জানারুল ইসলাম (৩০) নামের এক যুবক। এ ঘটনায় পুলিশ দুলাভাই রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাতে জানারুল ইসলামের বাড়িতে টাকা লেনদেনের বিষয় নিয়ে দুলাভাই রফিকুল ইসলামের সঙ্গে জানারুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রফিক ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া দিয়ে জানারুল ইসলামকে কুপিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন জানারুল ইসলামকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী রফিককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, টাকা লেনদেন-সংক্রান্ত ঘটনা নিয়ে রফিক তাঁর শ্যালক জানারুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছেন। রফিককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। জানারুলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।