শ্যালকের পিটুনিতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই আবদুল হাকিমের (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার শিরন্টি ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. শুকুদ্দী (৫০) এবং তাঁর দুলাভাই আবদুল হাকিমের (৫৫) বাড়ি পাশাপাশি। গতকাল সকালে শুকুদ্দী দুই বাড়ির মধ্যকার রাস্তা থেকে মাটি কেটে নিজ বাড়ির দেয়ালের ধার উঁচু করছিলেন। এ সময় দুলাভাই আবদুল হাকিম রাস্তা থেকে মাটি কাটতে নিষেধ করেন তাঁকে। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে শুকুদ্দী ও তাঁর ছেলে মনিরুল ইসলাম লাঠি দিয়ে আবদুল হাকিমকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে একসময় হাকিম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে হাকিমকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সংবাদ পেয়ে শুকুদ্দীকে গ্রামের বাড়ি থেকে আটক করে। তবে মনিরুল পলাতক থাকায় তাঁকে ধরতে পারেনি।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।