শ্যালক-ভগ্নিপতির বিরোধ, প্রাণ গেল বন্ধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পশ্চিম চরজব্বার গ্রামে গত সোমবার এক বন্ধুর ভগ্নিপতির ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শ্যালককে খুন করতে এসে ভুলে তাঁর বন্ধুকে খুন করা হয়েছে৷ এ অভিযোগ নিহত ব্যক্তির পরিবারের।
নিহত ওই বন্ধুর নাম জসিম উদ্দিন (২২)। তিনি পশ্চিম চরজব্বার গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে। এ ঘটনায় নিহত জসিম উদ্দিনের বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার হত্যা মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কয়েক বছর আগে পশ্চিম চরজব্বার গ্রামের মো. নুরুল্লার মেয়ে রুনু বেগমের বিয়ে হয় একই গ্রামের নুরুল হকের সঙ্গে। বিয়ের পর থেকে নুরুল নানা অজুহাতে স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এ কারণে কিছুদিন আগে রুনু বেগম বাবার বাড়িতে চলে আসেন। এরপর শ্যালক ইসরাফিল সুমনের বিরোধিতার কারণে তিনি স্ত্রীকে ফিরিয়ে নিতে পারেননি।
সোমবার রাত সাড়ে আটটার দিকে সুমন তাঁর বন্ধু জসিম উদ্দিনকে নিয়ে বাড়ির পাশের কাঞ্চন বাজার-পরিষ্কার বাজার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নুরুল হক শ্যালক সুমনকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। কিন্তু ওই ছুরি জসিম উদ্দিনের পেটে ঢুকে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী শহরের একটি হাসপাতালে ভর্তির পর রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। জসিম উদ্দিনের বাবা ফয়েজ আহম্মদ অভিযোগ করেন, নুরুল হক শ্যালককে খুন করতে গিয়ে তাঁর ছেলেকে খুন করেছেন। ঘটনার পর নুরুল হক পালিয়ে গেছেন।
চরজব্বার থানার উপপরিদর্শক নুরুল আমিন বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা নুরুল হকসহ দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।