দাম্পত্য কলহের কারণে স্বামীর বাড়ি থেকে এক সপ্তাহ আগে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে এসেছিলেন রায়না বেগম (২২)। স্ত্রী-সন্তানকে ফিরিয়ে নিতে এসে ব্যর্থ হয়ে স্বামী শ্বশুরবাড়িতেই ছুরিকাঘাতে শ্যালিকাকে হত্যা এবং স্ত্রী ও শিশুসন্তানকে ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ স্বামী সালাউদ্দীনকে আটক করেছে। গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে।
পাবই গ্রামের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মো. সালাউদ্দীন (৩২) বছর খানিক আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন পাবই গ্রামের মৃত মছলু মিয়ার বড় মেয়ে রায়না বেগমকে (২২)। তাঁদের ঘরে মাসুম নামে ছয় মাসের একটি ছেলেসন্তান রয়েছে। স্বামীর নির্যাতনের শিকার হয়ে রায়না সপ্তাহখানেক আগে পাবই গ্রামে বাবার বাড়ি এসে আর স্বামীর বাড়ি যাচ্ছিলেন না।
রায়নার মা রাবেয়া বেগম ও বড় ভাই মজিদ মিয়া এ প্রতিনিধিকে বলেন, সালাউদ্দীন গত সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি এসে রাত্রিযাপন করেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে যেতে চান। রায়না স্বামীর সঙ্গে যেতে চাননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সালাউদ্দীন হাতে থাকা ছোরা দিয়ে স্ত্রী ও ছেলেকে আঘাত করতে থাকেন। এ সময় রায়নার বোন মনি বেগম (১৬) রায়নাকে রক্ষা করতে এগিয়ে গেলে সালাউদ্দীনের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন বাড়ির অন্যরা সালাউদ্দীকে ধাওয়া দিলে সে দৌড়ে একটি ঘরে ঢুকে আত্মহত্যার চেষ্টায় তরল জাতীয় কিছু পান করেন।
পরে বাড়ির লোকজন ও গ্রামবাসী এসে সালাউদ্দীনকে আটক করে কুলাউড়া থানার পুলিশকে জানান। আহত রায়না ও মাসুমকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়।
কুলাউড়া থানার ওসি মো. শামছুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি তল্লাশি করে হত্যায় ব্যবহৃত ছোরাটি জব্দ করা হয়েছে। সালাউদ্দীনকে প্রথমে পুলিশি পাহারায় মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তিনি বিষ পান করেছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত শিশু মাসুম ও গৃহবধূ রায়নাকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, অভিযোগ করা হলে এ ঘটনায় হত্যা মামলা নেওয়া হবে। উপপরিদর্শক সাব্বির আহমদ বলেন, মনি বেগমের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মনির বড় ভাই মজিদ মিয়া বলেন, তাঁরা এখন রায়না ও শিশু মাসুমের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। তবে এ ঘটনায় মামলা করবেন বলে জানান।