নারায়ণগঞ্জের রূপগঞ্জের জোবেদা টেক্সটাইল মিলের শিশু শ্রমিক সাগর বর্মণ (৯) হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজহারুল হক ভূঁইয়ার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার শ্রম আদালতে একটি মামলা হয়েছে। গতকাল সকালে র্যা ব-১১ ও পুলিশ পৃথক অভিযানে মামলার এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
গত রোববার মলদ্বারে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় সাগর বর্মণকে। ওই দিনই সাগরের বাবা রতন বর্মণ বাদী হয়ে কারখানার চার কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) এ কে এম সামিউল আলম কুর্সি গতকাল বলেন, সাগর বর্মণকে হত্যার ঘটনায় জোবেদা টেক্সটাইলের চেয়ারম্যান আজহারুল হক ভূঁইয়াকে বাদী করে শ্রম আদালতে গতকাল বিকেলে একটি মামলা করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী এক লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রাষ্ট্রের পক্ষে তিনি বাদী হয়ে এই মামলা করেন। আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
সামিউল আলম বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহে জোবেদা টেক্সটাইল ও এখলাস স্পিনিং মিল পরিদর্শন করে শিশু শ্রমিক ব্যবহারের তথ্য-প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে তখনই কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করা হয়।
এদিকে সাগর বর্মণ হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি কারখানার জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা সৈয়দ আজাহার ইমাম সোহেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে জোবেদা টেক্সটাইল মিলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে র্যা ব-১১। কালই রূপগঞ্জ উপজেলার দিঘী বরাব এলাকায় অভিযান চালিয়ে কারখানার লাইনম্যান সোহাগ হোসেন ওরফে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মানববন্ধন: সাগর বর্মণ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিকেলে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। গতকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এটি অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে একই স্থানে একই দাবিতে মানববন্ধন করেছে ইসলামি শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা।
এ ছাড়া সাগর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জানায়।