শ্রমজীবীদের টাকা আত্মসাতের চেষ্টা
সমিতির নামে ২১৭ জন শ্রমজীবী মানুষের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগের বাংলাবাজার এলাকায় এ সমিতি চালানো হচ্ছে।
সমিতিটির নাম আদর্শ সঞ্চয় তহবিল। সরকারের অনুমোদন ছাড়াই এ সমিতি গড়ে তোলেন জাহাঙ্গীর আলম। তিনি মুদি ব্যবসা করেন।
সমিতির কয়েকজন সদস্য জানান, সমিতিতে বর্তমানে ২১৭ জন সদস্যস্যের ১ কোটি ৭০ লাখ টাকা জমা রয়েছে। ঈদের আগে সদস্যদের লাভসহ আসল টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু হঠাৎ গতকাল সোমবার সকালে সমিতির পরিচালক জাহাঙ্গীর সদস্যদের অস্থায়ী কার্যালয়ে ডেকে বলেন, ‘তিনি যা দেবেন, তাই নিতে হবে। তাঁকে আর পাওয়া যাবে না।’ এরপর জাহাঙ্গীর সদস্যদের কাউকে জমার অর্ধেক, কাউকে অর্ধেকেরও কম টাকা বুঝে নিতে বাধ্য করেন। এ সময় জাহাঙ্গীরের পক্ষে অবস্থান নেন স্থানীয় প্রভাবশালী জুয়েল প্রধান, রাজু প্রধান ও ইউপি সদস্য সাইফুল ইসলাম। ফলে সদস্যরা প্রতিবাদ করার সাহস পাননি।
সমিতির তিনজন সদস্য জানান, তাঁরা এলাকার শ্রমজীবী মানুষ। বেশির ভাগই ভাড়া থাকেন। মাসে এক হাজার, দুই হাজার ও তিন হাজার টাকা করে তাঁরা জমা রাখতেন। এক হাজার করে জমা রাখলে দুই বছরে ২৪ হাজার টাকার বিপরীতে লাভসহ ২৬ হাজার ৭০০ টাকা দেওয়ার কথা। কিন্তু গতকাল হঠাৎ জাহাঙ্গীর সদস্যদের ডেকে কম টাকা দেওয়া শুরু করেন।
সমিতির সদস্যরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সমিতির পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘সমিতির সদস্যদের জমাকৃত টাকা আমি বিভিন্ন মাল্টিপারপাস কোম্পানিতে রেখেছিলাম। সেখান থেকে সুদ পেতাম। সেই সুদের টাকা দিয়েই সদস্যদের লাভ দিতাম। এবার মাল্টিপারপাসে টাকা আটকে যাওয়ায় সমিতির সদস্যদের পুরো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।’
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।