কক্সবাজারের রামুর চাকমার কুল এলাকার অজান্তা বৌদ্ধবিহারের শ্রমণকে আটকে রেখে আলমারি থেকে টাকাসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শ্রমণ প্রজ্ঞা সন্বোধিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা দরজার তালা ভেঙে বিহারে প্রবেশ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে তাঁর হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারির তালা ভেঙে নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে। ভোরে ভক্তরা বিহারে আসার পর তাঁকে উদ্ধার করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, বিহারের শ্রমণকে বেঁধে প্রায় ১৪ হাজার টাকা, একটি কম্পিউটার, দুটি মুঠোফোনসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের ধরার চেষ্টা চলছে।
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি বঙ্কিম বড়ুয়া প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ২৯ এপ্রিল মধ্যরাতে দুর্বৃত্তরা শত বছরের পুরোনো অজান্তা বিহারসহ রামুর একাধিক বৌদ্ধবিহারে হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২২ কোটি টাকায় ধ্বংসস্তূপের ওপর অজান্তাসহ বিভিন্ন বৌদ্ধবিহার নির্মাণ করে দেন। কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তা এখনো নিশ্চিত না হওয়ায় গভীর রাতে বৌদ্ধবিহারের শ্রমণ প্রজ্ঞা সন্বোধিকে হাত পা বেঁধে আলমারি ভেঙে টাকাসহ মালামাল লুটের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, রামুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বৌদ্ধবিহারের নিরাপত্তা দাবি করেন। এরপর জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা রামুর কেন্দ্রীয় সীমা বিহারে গিয়ে বৌদ্ধধর্মীয় গুরু পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরের সঙ্গে বৈঠক করেন। তিনি রামুর বিভিন্ন বৌদ্ধবিহারের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে আনসার সদস্য নিয়োগের দাবি জানান।
বৈঠকে উপস্থিত রামু উপজেলা বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি তরুণ বড়ুয়া জানান, অজান্তা বিহারে ডাকাতির ঘটনায় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। একটি মহল বৌদ্ধপল্লিতে ফের হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে। তিনি বলেন, রাতে বৌদ্ধবিহারের নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগ দিতে জেলা প্রশাসকের সহযোগিতা চাওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, রামুর বিভিন্ন স্থানে ২৫টি বিহার ও মন্দির রয়েছে। এসব পাহারা দিচ্ছে বিজিবি ও পুলিশ। স্থায়ীভাবে আনসার নিয়োগ দিয়ে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছে।