শ্রমিক অসন্তোষ: চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানা ভাঙচুর, লুটপাট, মারধরসহ পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে ইন্ধন দেওয়ার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।

একটি পোশাক কারখানার ১৩৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাভারের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও আশুলিয়া থানা মহিলা দলের সভানেত্রী মিনি আক্তার, তাঁর বড় ভাই তোফাজ্জল হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আশুলিয়া, সাভার ও ধামরাই অঞ্চলের আহ্বায়ক সৌমিত্র কুমার দাস, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া অঞ্চলের সভাপতি আল কামরান, সাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদ, ঢাকা জেলা টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের আহ্বায়ক মিজানুর রহমান, সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি সেন্টারের সংগঠক মোহাম্মদ ইব্রাহীম, তৃণমূল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি শামীম খান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, ঝুট ব্যবসায়ী ইসরাফিল এবং ব্যবসায়ী দুলাল মীর। গত বুধবার এবং গতকাল সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে ইন্ধন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বৃহস্পতিবার আশুলিয়া থানায় এ মামলা করেন। মামলায় নামে-বেনামে অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সকালে পুলিশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুকে ঢাকার তোপখানা রোড থেকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায় বলে একাধিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অবশ্য কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে পুলিশের বাধার কারণে ১২টি শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়। আশুলিয়ার শ্রমিকদের কারখানাভিত্তিক সমস্যা, মজুরি বৃদ্ধি এবং কারখানা খোলার দাবিসহ গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে বেলা ১১টার দিকে তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতা ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার জন্য মোশরেফা মিশু তোপখানা রোডে গেলে বেলা পৌনে ১১টায় পুলিশ তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এরপরই মিলনায়তনে তালা দিয়ে পুলিশ নেতাদের সংবাদ সম্মেলনে বাধা দেয়।

বৃহস্পতিবার আশুলিয়া ঘুরে ৫৯টি পোশাক কারখানার মূল ফটকে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন দেখা যায়। পাশাপাশি পুলিশ ও র‍্যাবের টহলও ছিল।

১৩৫ শ্রমিক বরখাস্ত
বৃহস্পতিবার বাইপালের ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং নামের একটি পোশাক কারখানার ১৩৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারখানার মূল ফটকে তাঁদের নাম ও ছবিসহ কয়েকটি তালিকা দেখা গেছে।

আশুলিয়ার বিভিন্ন এলাকায় বন্ধ ঘোষিত অন্তত পাঁচটি কারখানার ২০ জন শ্রমিকের সঙ্গে কথা হয় বৃহস্পতিবার। তাঁরা বলেন, শ্রমিকদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন মহল্লায় অভিযান চালাচ্ছে। অনেককে আটক করে নিয়ে যাচ্ছে। আটকের পর তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। গ্রেপ্তারের ভয়ে অনেক বাড়ি চলে গেছেন।
ছয়টি শ্রমিক সংগঠনের জোট শ্রমজীবী সমন্বয় পরিষদ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ২৪ ডিসেম্বরের মধ্যে শ্রমিকনেতা ও শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। তা না হলে ২৫ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সব পোশাকশ্রমিকেরা কর্মবিরতি পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনের আহ্বায়ক শাহ আলম হোসাইন বলেন, ‘আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছি। দমন-নিপীড়ন করে আমাদের দমাতে পারবে না।’