শ্রমিক ইউনিয়নের নামে বাস থেকে চাঁদাবাজি
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধভাবে তল্লাশিচৌকি বসিয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী বাস থেকে চাঁদা তোলা হচ্ছে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গের সঙ্গে চলাচলকারী বাসের চালক ও তত্ত্বাবধায়কেরা।
বাসের শ্রমিকদের অভিযোগ, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নামে প্রতিটি বাস থেকে ১০০-৩০০ টাকা নেওয়া হয়।
প্রতিদিন বগুড়ার ওপর দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায়এক হাজার বাস চলাচল করে। আগে থেকেই বগুড়ার ওপর দিয়ে অন্য জেলায় চলাচলের সময় প্রতিটি বাস থেকে ১৯০ টাকা নেওয়া হতো। আর আন্তজেলা টার্মিনাল ব্যবহার করলে মোট ৩৫০ টাকা চাঁদা দিতে হতো বগুড়ার মালিক-শ্রমিক সংগঠনকে। পরিচয়পত্র যাচাইয়ের (চেকিং) নামে নতুন করে মহাসড়কে একটি তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়ে ২৬ আগস্ট বা এর আগে থেকে বাড়তি চাঁদা আদায় করা হচ্ছে।
গত শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার প্রথম বাইপাস সড়কের ফুলতলা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, লাল পতাকা হাতে কয়েকজন বাস থামাচ্ছেন। এরপর চালক ও তত্ত্বাবধায়ককে ডেকে নেওয়া হচ্ছে মহাসড়কের পাশে বসানো কথিত তল্লাশিচৌকিতে। সেখানে চেয়ার-টেবিল নিয়ে চাঁদার বই হাতে বসে আছেন কয়েকজন শ্রমিক নেতা। বাস থেকে নামিয়ে আনা শ্রমিকদের কাছে দেখতে চাওয়া হচ্ছে মোটর শ্রমিক ইউনিয়নের দেওয়া পরিচয়পত্র। এই পরিচয়পত্র দেখাতে না পারলেই প্রায় প্রতিটি বাসের শ্রমিকদের গুনতে হচ্ছে ১০০ থেকে ৩০০ টাকা। চাঁদা না দিলে দূরপাল্লারসহ সব বাস ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
চাঁদা নেওয়ার পর রসিদ দিচ্ছিলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবদুল মান্নান। তিনি প্রথম আলোকে বলেন, ‘বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তেই শ্রমিকদের পরিচয়পত্র দেখা (চেকিং) হচ্ছে। অন্য জেলার শ্রমিক হলেও সেখানকার পরিচয়পত্র থাকতে হবে। যেসব শ্রমিকের পরিচয়পত্র নেই, তাঁদের সতর্ক করতেই জরিমানা আদায় করা হচ্ছে।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বগুড়ার সহকারী পরিচালক জিয়াউর রহমান বলেন, নিরাপত্তার স্বার্থে সড়ক-মহাসড়কে তল্লাশি চৌকি বসানোর প্রয়োজন হলে জেলা আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) লিখিত অনুমতি নিতে হবে। এ ছাড়া ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী ন্যূনতম বিআরটিসির মোটরযান পরিদর্শক বা পুলিশের উপপরিদর্শক (এসআই) পর্যায়ের কোনো কর্মকর্তা ছাড়া সড়কে তল্লাশিচৌকি বসিয়ে বা গাড়ি থামিয়ে কোনো ধরনের তল্লাশি চালানোর এখতিয়ার কারও নেই।’ পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার ইসরাঈল হাওলাদার বলেন, ছুটিতে থাকায় নতুন করে চাঁদা আদায়ের ব্যাপারে তিনি কিছু জানেন না। ছুটি থেকে ফিরে তিনি ব্যবস্থা নেবেন।