শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ
ঠাকুরগাঁওয়ে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে তিন চাকার যান (থ্রি হুইলার) পাগলু ও ইজিবাইকচালকদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। অথচ এই যানগুলোকে অবৈধ দাবি করে তা বন্ধের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সংগঠনটি।
নাম প্রকাশে অনিচ্ছুক পীরগঞ্জ উপজেলার একজন ইজিবাইকচালক বলেন, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় ২ হাজার ইজিবাইক ও ৩০০ পাগলু চলে। শ্রমিক ইউনিয়নকে প্রতিদিন গাড়িপ্রতি ১০ টাকা চাঁদা দিতে হয়। নতুন গাড়ির জন্য ৩০০ টাকা করে দিতে হয়। শ্রমিকদের কল্যাণের নামে চাঁদা তুললেও শ্রমিকদের জন্য কিছুই করে না তারা।
গত মঙ্গলবার রানীশংকৈল ডিগ্রি কলেজের সামনে দেখা গেছে, সংগঠনটির রানীশংকৈল শাখা পাগলু ও ইজিবাইকচালকদের কাছ থেকে মাতৃত্বকালীন, কন্যাদান, শিক্ষাবৃত্তি ও চিকিৎসা তহবিল গঠন করার নামে টাকা তুলছে। এ ছাড়া ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পঞ্চগড়ের বোদাগামী ইজিবাইকচালকদের কাছ থেকে চাঁদা তুলছেন সংগঠনের লোকজন। রানীশংকৈলে টাকা নেওয়ার পর শ্রমিক সংগঠনের নামে ছাপানো রসিদ ধরিয়ে দিলেও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় কোনো রসিদ দিচ্ছেন না তাঁরা।
পাগলুচালক রুবেল হোসেন অভিযোগ করে বলেন, পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক ইউনিয়নের লোকজন গাড়িপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদা নিচ্ছেন। চাঁদার ক্ষতি পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের পাগলুচালক ইয়াসিন আলী অভিযোগ করেন, সংগঠনের লোকজন এসব গাড়ি অবৈধ দাবি করে চলাচল বন্ধ করে দেন। গত বছর বিভিন্ন এলাকায় ২০-২৫টি গাড়ি ভাঙচুর করে চালকদের মারধর করেন। এখন তাঁরা জোর করে চাঁদা তুলছেন। প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না।
রানীশংকৈল ডিগ্রি কলেজ এলাকা থেকে শ্রমিক সংগঠনের নামে চাঁদা তুলতে এসে মোহাম্মদ খোকা নামের এক যুবক বলেন, ‘বৈধ-অবৈধ বুঝি না, নেতারা টাকা তুলতে বলেছেন বলেই তুলছি।’
রানীশংকৈল উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘অধিকাংশ পাগলু ও ইজিবাইকচালকই আমাদের সংগঠনের সদস্য। তাঁদের কল্যাণ তহবিলের জন্য গাড়িপ্রতি দিনে রসিদের মাধ্যমে ১০ টাকা নেওয়া হচ্ছে।’ আগে বন্ধ করে দিলেও এখন চাঁদা তুলছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে মালিক সমিতির সিদ্ধান্তে তাঁরা পাগলু ও ইজিবাইক বন্ধ রেখেছিলেন। এখন বাস চলাচল বন্ধ থাকায় আয় কমে গেছে। তাই চাঁদা তোলা হচ্ছে।
বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রামের পাগলুচালক মো. মানিক বলেন, চাঁদাবাজেরা খুব প্রভাবশালী। চাঁদা না দিলে চালকদের মারধর করে, হুমকি দেয়।
ঠাকুরগাঁও জেলা টেম্পো ও থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহঠাকুরতা বলেন, তিন চাকার যান ও ইজিবাইক অবৈধ দাবি করে মোটর মালিক সমিতির সঙ্গে শ্রমিক ইউনিয়ন এসব যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এখন তারাই জেলার বিভিন্ন এলাকায় চালকদের কাছ থেকে চাঁদা তুলছে। বিবাদ এড়াতে প্রতিবাদ হচ্ছে না। শ্রমিক সংগঠনের চাঁদা আদায়ের জন্য বাসস্ট্যান্ড এলাকা থেকে থ্রি হুইলার চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে