শ্রমিক ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ড শ্রমিক ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জেলা আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বাদী হয়ে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে (খ-অঞ্চল) মামলাটি করেন।
এই দুই কর্মচারীর বিরুদ্ধে শিক্ষা বোর্ডের সচিবও এর আগে মামলা করেছেন। তাঁরা হলেন রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সহসভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব আলী।
শুনানি শেষে আদালতের বিচারক জয়ন্তী রাণী দাস মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। ৯ সেপ্টেম্বর তাঁদের সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়েছে, ১৭ জুলাই রাজশাহীর একটি স্থানীয় দৈনিক পত্রিকায় আগের কোনো এক ঘটনার সূত্র ধরে একটি প্রতিবাদলিপি ছাপা হয়। ওই প্রতিবাদে বাদীকে ক্ষমতার অপব্যবহারকারী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বাদীর সম্মানহানি ঘটেছে।
বাদীপক্ষের আইনজীবী এনতাজুল হক বলেন, শিক্ষক-কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলার আহ্বায়ক শফিকুর রহমান একজন সম্মানী ব্যক্তি। বিবাদীদের ওই প্রতিবাদলিপিতে তাঁর ব্যাপক মানহানি হয়েছে। এ জন্য তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এই দুই নেতার বিরুদ্ধে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আবুল কালাম আজাদ ১৫ জুলাই নগরের রাজপাড়া থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।