শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে চাঁদাবাজির পাল্টা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে চাঁদাবাজির পাল্টা অভিযোগ করেছে অটোরিকশা শ্রমিক লীগ। গতকাল মঙ্গলবার পৌর নিউমার্কেটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি করেন।

গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অটোরিকশা শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান আলমগীর।

লিখিত বক্তব্যে রোকনুজ্জামান আলমগীর অভিযোগ করেন, ‘আমাদের সংগঠন শ্রম পরিদপ্তর থেকে নিবন্ধিত। আমরা আমাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শ্রমিকদের কল্যাণের জন্য বৈধভাবেই শ্রমিকদের কাছ থেকে রসিদ দিয়ে ১০ টাকা করে নিই। এই টাকা আমরা শ্রমিকদের কল্যাণে খরচ করি। কিন্তু শেরপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো চালক শ্রমিক ইউনিয়ন অন্যায়ভাবে শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা দাঁড় করিয়ে চালক-শ্রমিকদের কাছ থেকে দৈনিক ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত চাঁদা নেয়। সম্প্রতি শ্রমিক ইউনিয়নের এ ধরনের কার্যকলাপের জন্য অটোশ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

রোকনুজ্জামান আলমগীর আরও অভিযোগ করেন, ‘আমরা এ অন্যায় চাঁদাবাজির প্রতিবাদ করেছি ও শ্রমিক ইউনিয়নের কার্যকলাপের বিষয়ে প্রশাসনকে জানিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ করেছেন। আমরা শ্রমিক ইউনিয়নের এ ধরনের ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. আরিফ রেজা, জাতীয় শ্রমিক লীগ শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ, অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোতালেব রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুল আলম বক্তব্য দেন।

এই অভিযোগ অস্বীকার করে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন বলেন, সরকারি নিয়মনীতি মেনে ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা তাঁদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু অটোরিকশা শ্রমিক লীগ একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হলেও তারা চালক-শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছে।

অটোরিকশা শ্রমিক লীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও তা বন্ধের দাবি জানিয়ে ১৯ আগস্ট শ্রমিক ইউনিয়ন এক সংবাদ সম্মেলন করে।