শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার সাইলো রোড এলাকার রানস অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।
জানা গেছে, বৃষ্টির কারণে কয়েকজন শ্রমিক বিলম্বে এসে কাজে যোগ দিতে চাইলে তা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। গতকাল সকালে বৃষ্টির কারণে ৩০-৪০ জন শ্রমিক নির্ধারিত সময়ের আধঘণ্টা পর কারখানায় পৌঁছান। এ কারণে নিরাপত্তাকর্মীরা তাঁদের কাজে যোগ দিতে বাধা দেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে শ্রমিকেরা কাজে যোগ দেন। কিন্তু বিষয়টি নিয়ে কারখানার পিএম, ফ্লোর ইনচার্জসহ অন্যদের সঙ্গে আবারও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন শ্রমিকেরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শ্রমিকদের মধ্যে কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মুনমুন ও সাহাবউদ্দিন, ফ্লোর ইনচার্জ মাসুদ, নিরাপত্তাকর্মী মিরাজ ও আবুল হোসেন, গাড়িচালক অলিউল্লাহ, শ্রমিক ইদ্রিছ আলী, বাদল, রোজিনা, নার্গিস ও আঁখি আক্তারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের পর কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে শ্রমিক ফেডারেশন অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ ও শ্রমিকনেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানতে চাইলে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) রফিকুল আলম বলেন, কিছু শ্রমিক বিলম্বে কারখানায় ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে তাঁদের ভেতরে নিয়ে এসে কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু ভেতরে ঢুকে শ্রমিকেরা পিএম, ফ্লোর ইনচার্জ, নিরাপত্তাকর্মীসহ অন্যান্য কর্মচারীকে মারধর করেন। সংঘর্ষের পর কারখানা ছুটি ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিচালক পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।