শ্রমিক, কৃষকসহ তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গতকাল শনিবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক কৃষক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহ শহরে শুক্রবার রাতে বন্ধুরা ছুরিকাঘাত করে এক তরুণকে খুন করেছেন। মৌলভীবাজারের জুড়ীতে দুর্বৃত্তরা কুপিয়ে এক শ্রমিককে হত্যা করেছে। শেরপুরের সদর উপজেলার লুকাইয়েরপাড় গ্রাম থেকে গতকাল এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের আসুক মিয়া (৬০), ময়মনসিংহ শহরের চামড়াগুদাম এলাকার মোস্তফা কামালের ছেলে রবিন (২৬), জুড়ী উপজেলার মনতৈল গ্রামের আবদুল হাই (৫২) ও শেরপুর সদর উপজেলার লুকাইয়েরপাড় গ্রামের মাফিজল ইসলামের স্ত্রী মিনতি বেগম (২৫)।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

মৌলভীবাজার: রাজনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ইসলামপুর গ্রামের আসুক মিয়ার সঙ্গে তাঁর প্রতিবেশী তারা মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মেটানোর জন্য গতকাল সন্ধ্যায় সালিস বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে তারা মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমির ধান কাটতে গেলে আসুক মিয়া বাধা দেন। এ সময় তারা মিয়ার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আসুক মিয়ার ওপর হামলা করেন। এতে আসুক মিয়া গুরুতর আহত হন। স্বজনেরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাজনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন।’

ময়মনসিংহ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সোয়া নয়টার দিকে ময়মনসিংহ শহরের চামড়াগুদাম এলাকার রবিন ও তাঁর বেশ কয়েকজন বন্ধু হোমিওপ্যাথি কলেজ মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জের ধরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিনের পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে এক বন্ধু পালিয়ে যান। পরে দুই বন্ধু রবিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে চলে আসেন। ওখানেই তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় জীবন ও দিহান নামের রবিনের দুই বন্ধুকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জুড়ী (মৌলভীবাজার): উপজেলার মনতৈল গ্রামের আবদুল হাইকে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল হাই উপজেলার ফুলতলা ইউনিয়নে অবস্থিত ধলাইছড়া বাঁশমহালে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার সকালের দিকে মেজ ছেলে জাবেদকে (১৮) নিয়ে তিনি মহালে বাঁশ কাটার কাজে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে তিনি জাবেদকে বাড়িতে পাঠিয়ে দেন। শুক্রবার রাত নয়টার দিকে প্রতিবেশীরা বাড়ির কাছাকাছি একটি কালভার্টের কাছে আবদুল হাইয়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। পরে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। রাতেই জুড়ী থানার পুলিশ কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে জুড়ী থানার ওসি জালাল উদ্দিন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেরপুর: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে সদর উপজেলার লুকাইয়েরপাড় গ্রামের মাফিজল ইসলামের সঙ্গে গনইভরুয়াপাড়া গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে মিনতি বেগমের বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে মাফিজলের সঙ্গে মিনতির মনোমালিন্য চলছিল। গত শুক্রবার রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিনতির কক্ষে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশ শুক্রবার দিবাগত রাত একটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সদর থানার এসআই মো. রবিউল ইসলাম বলেন, মিনতির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে গলায় কালো দাগ ছিল।