শ্রমিক দলের দুই পক্ষে মারামারি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ধানমন্ডি থানা শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় একজন নেতার সঙ্গে ঝামেলা চলছিল

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকে দুই পক্ষের মারামারিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা বাবুল সর্দার নিহত হয়েছেন। বাবুল সর্দার শ্রমিক দলের ধানমন্ডি থানা শাখার সাবেক সভাপতি ছিলেন।

গতকাল রোববার বিকেলে দুই পক্ষের মারামারিতে বাবুল সর্দার আহত হন। রাত নয়টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সূত্রগুলো বলছে, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা শ্রমিক দল। কর্মসূচি শেষে কার্যালয়ের উল্টো দিকে বিকেল সোয়া পাঁচটার সময় ভাসানী ভবনের সামনে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে শ্রমিক দলের ধানমন্ডি শাখার সাবেক সভাপতি বাবুল সর্দার ও সাধারণ সম্পাদক আবু কায়সার ভূঁইয়া আহত হন। দুজনেরই মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। বাবুলের মাথার বিভিন্ন জায়গায় হামলাকারীরা কোপ দিয়েছে বলে জানা গেছে।

আহত বাবুল সর্দারকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় সেখান থেকে স্কয়ার হাসপাতালে এবং পরে সিটি হাসপাতালে নেওয়া হয়। সিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাবুল সর্দারকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

বাবুল সর্দারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিএনপির সূত্র বলছে, ধানমন্ডি থানা শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় একজন নেতার সঙ্গে ঝামেলা চলছিল। তাই কেন্দ্র ওই কমিটিকে অনুমোদন দেয়নি। এর জেরেই গতকাল বিকেলে ওই ঘটনা ঘটে।

কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধানমন্ডি শাখায় কমিটি গঠন নিয়ে ওই এলাকায় মতবিরোধ ছিল। এ জন্য একটি কমিটি হলেও তা অনুমোদন দেওয়া হয়নি। আগের কমিটিই বহাল রাখা হয়েছে। কোন্দলটা ধানমন্ডিতে ছিল, কেন্দ্রের সঙ্গে নয়। তিনি আরও বলেন, আহত দুজনের মধ্যে বাবুল সর্দারের মাথায় আঘাত লেগেছে। অত্যধিক রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের আগে দল এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন নুরুল ইসলাম।

রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় পল্টন থানায় কোনো মামলা হয়নি।

বাবুল সর্দারের মৃত্যুর খবর নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক দুলাল আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাটি খতিয়ে দেখছেন।