শ্রমিক দলের দুই পক্ষের মারামারি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উল্টো দিকে ভাসানী ভবনের সামনে দুই পক্ষের মারামারিতে শ্রমিক দলের দুই নেতা আহত হয়েছেন। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত ব্যক্তিরা হলেন শ্রমিক দলের ধানমন্ডি শাখার সাবেক সভাপতি বাবুল সর্দার এবং সাধারণ সম্পাদক আবু কায়সার ভূঁইয়া। দুজনেরই মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। বাবুলের মাথার বিভিন্ন জায়গায় হামলাকারীরা কোপ দিয়েছে বলে জানা গেছে।
বিএনপির সূত্র জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা শ্রমিক দল। সে কর্মসূচি শেষে কার্যালয়ের উল্টো দিকে এ ঘটনা ঘটে। সম্প্রতি ধানমন্ডি থানা শ্রমিক দলের কমিটি গঠন করা হলেও তা কেন্দ্র অনুমোদন দেয়নি। ধানমন্ডি থানা শ্রমিক দলের কমিটি গঠন নিয়ে ওই এলকার বিএনপির কেন্দ্রীয় একজন নেতার সঙ্গে মতবিরোধ ছিল। ওই ঘটনার জের ধরে আজকের এ ঘটনা ঘটেছে।
কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধানমন্ডি শাখায় কমিটি গঠন নিয়ে ওই এলাকায় মতবিরোধ ছিল। এ জন্য একটি কমিটি করা হলেও তা অনুমোদন দেওয়া হয়নি। আগের কমিটিই বহাল রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে পল্টন থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত কিছু জানা যায়নি। পল্টন থানার উপপরিদর্শক মুরাদ হোসেন জানান, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন যে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে কোন্দলের জেরে দুজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।