শ্রমিক নির্যাতনের অভিযোগে দুই কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় টোটাল ফ্যাশন নামের একটি পোশাক কারখানা ভাঙচুর করে শ্রমিকেরা দুই কর্মকর্তাকে মারধর করেছেন। শ্রমিকদের ওপর মালিকপক্ষের লোকজনের নির্যাতনের অভিযোগে গতকাল মঙ্গলবার এই হামলা চালানো হয়।
আহত ব্যক্তিরা হলেন ওই পোশাক কারখানার উপপরিচালক বাদল মিয়া (৫৫) ও উৎপাদন ব্যবস্থাপক (পিএম) নাসির উদ্দিন (৩৫)।
শ্রমিকেরা অভিযোগ করেন, তিন-চার মাস আগে কারখানার চেয়ারম্যান জালাল মিয়ার আত্মীয় বাদল মিয়া উপপরিচালক হিসেবে যোগ দেন। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সাধারণ শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। শ্রমিকেরা প্রতিবাদ করতে গেলে তাঁদের ছাঁটাই ও পুলিশ দিয়ে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হতো। এ কারণে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
এ ব্যাপারে বাদল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে শ্রমিকেরা কাজে এলে কর্তৃপক্ষ কারখানার ফটকের কাছেই পুলিশ দিয়ে রহিম, রাসেল, মোক্তার, রিপন ও জাকির নামের পাঁচ শ্রমিককে আটক করায়। এ ঘটনার পর সুইং বিভাগের শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার প্রশাসনিক কার্যালয়ে ভাঙচুর চালান এবং বাদল ও নাসির উদ্দিনকে পিটিয়ে জখম করেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘শ্রমিকদের মধ্যে কয়েকজন উসকানি দিয়ে প্রায়ই অন্য শ্রমিকদের উত্তেজিত করে তোলেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করে তাঁদের পুলিশ দিয়ে ভয় দেখানো হয়েছিল। তবে শ্রমিকেরা আমাদের কথা না শুনে অতর্কিত হামলা চালিয়ে প্রশাসনিক কক্ষে ভাঙচুর চালিয়েছেন।’
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, টোটাল ফ্যাশনে এসে বোঝা গেছে মালিকপক্ষের অত্যাচারের শিকার শ্রমিকেরা। তাই এ বিস্ফোরণ। মালিকপক্ষের ভুল সিদ্ধান্তের কারণে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর মালিকপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দেয়।