চুয়াডাঙ্গা শহরের নুরনগরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
গতকাল সোমবার সকালে ওই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাতটি রাবার বুলেট ছোড়ে। আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় কর্তৃপক্ষ বীজ প্যাকেজিং ও বীজ বিতরণ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি ঠিক রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্যমতে, চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনির চার যুবককে দৈনিক হাজিরার ভিত্তিতে শ্রমিক নিয়োগে ব্যর্থ হয়ে বিএডিসির সাবেক শ্রমিকনেতা মো. মোমিন, তাঁর ভাই আবু হানিফ ও ভাগনে মো. রনির নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্ট করেও কথা বলা যায়নি।
বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর থেকে ২০১৫-১৬ মৌসুমে সংগৃহীত বোরো ধানের বীজ প্যাকেজিং ও বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। চলতি অক্টোবরজুড়ে এ কাজ চলবে। সংস্থার নিয়মানুযায়ী এবারও দৈনিক হাজিরা ভিত্তিতে প্রায় ৪০০ শ্রমিক নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক শ্রমিক জানান, অন্যান্য দিনের মতো গতকাল সকাল সাতটার দিকে তিন শতাধিক শ্রমিক বিএডিসির গুদামে বীজ প্যাকেজিংয়ের কাজে যোগ দেন। সাড়ে সাতটার দিকে মো. মোমিন, আবু হানেফ ও রনির নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা বিএডিসিতে ঢুকে তাঁদের কাজে নিতে চাপ দেন। এ সময় তাঁদের হাতে ধারালো অস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা ছিল। এতে বর্তমান শ্রমিকনেতা লোকমান হোসেন সরদার ও তাঁর অনুসারীরা অপারগতা জানালে উত্তেজনার সৃষ্টি হয়। দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে বহিরাগত ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতেই সেখানে পরপর সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা ইট ছুড়তে থাকেন। এ সময় টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে গেলে ইটের আঘাতে কনস্টেবল হাফিজুর রহমান (৫২), কামরুল ইসলাম (২৮) ও নুরুল ইসলাম (২৪) আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাতটি রাবার বুলেট ছুড়লে বহিরাগত ব্যক্তিরা এলাকা ছেড়ে চলে যান। আহত তিন পুলিশ সদস্যকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আওলিয়ার রহমান বলেন, তিন পুলিশ সদস্যের শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে।
বিএডিসির নুরনগর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক আবদুল মালেক বলেন, হামলাকারীরা কয়েক দিন ধরে কিছু মৌসুমি শ্রমিক নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। তবে নতুন করে শ্রমিক প্রয়োজন না হওয়ায় কর্মরত শ্রমিকনেতাসহ সাধারণ শ্রমিকেরা এতে আপত্তি তোলেন। এ নিয়ে তিন দিন ধরে উত্তেজনা চলে আসছিল। পরিবেশ অনুকূলে না থাকায় ধানের বীজ প্যাকেজিং ও বিতরণ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশের অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।