শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের এক শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলাটি হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
অভিযুক্ত শ্রমিক নেতার নাম ইয়াকুব আলী। মামলাটি করেছেন যমুনা অয়েলের সাবেক কর্মী ইফতেখার কামাল।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ১৯৭৪ সালের সেই বাসন্তীর সেই বাসন্তীর সঙ্গে ছবি তুলেছেন দাবি করে ইয়াকুব আলী গত ২৯ আগস্ট ফেসবুকে স্ট্যাটাস দেন। তাতে তিনি উল্লেখ করেন, বাসন্তী আজ নির্বাক। প্রতিবন্ধী। তাঁকে কালের সাক্ষী উল্লেখ করে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন ইয়াকুব। কিন্তু বাদীর দাবি, বাসন্তী বেঁচে নেই। মূলত সরকারকে বেকায়দায় ফেলতে তিনি এ কাজ করেছেন।
তবে ইয়াকুব আলী বলেন, বাসন্তীকে তিনি চেনেন না। স্থানীয় লোকজন বাসন্তীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি তাঁর সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। সরকারকে বেকায়দার ফেলতে তিনি কাজটি করেননি।