প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে নির্মাণাধীন সেতু ধসে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় হত্যার অভিযোগে মামলা হয়েছে। ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের ভদ্রখালী খালের ওপর এ সেতুটি নির্মিত হচ্ছে। সেতুর উপরিভাগে ঢালাইকাজ চলাকালে গত সোমবার সেতু ধসে নির্মাণশ্রমিক হেলাল উদ্দিন মারা যান। হেলাল উদ্দিনের ভাই হারুন শেখ বাদী হয়ে গত সোমবার রাতে সেতুর ঠিকাদার, সহকারী ঠিকাদার ও রাজমিস্ত্রির বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলার এজাহারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ত্রুটিপূর্ণ কাজ এবং অবহেলার কারণে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার পর ভাঙ্গা থানার পুলিশ সোমবার রাতেই সহকারী ঠিকাদার মো. নজরুল ইসলাম (২৪) ও রাজমিস্ত্রি মো. সবুজকে (২৮) গ্রেপ্তার করেছে।