শ্রমিক লীগ ও যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর হাটের সরকারি জায়গায় দোকানঘরের দখল নিয়ে শ্রমিক লীগ ও যুবলীগের নেতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মথুরাপুর বাজার এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ থেকে এ বছর মথুরাপুর হাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আল-হেলাল ইজারা নিয়েছেন। ইজারা নেওয়ার পর তিনি প্রায় ছয় মাস আগে হাটের সরকারি জায়গা দখলে নিয়ে ৩৮টি অবৈধ আধা পাকা দোকানঘর নির্মাণ করে স্থানীয় নেতা-কর্মীদের কাছে তা ভাড়া দেন। গত রোববার সন্ধ্যায় মথুরাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেনেরদোকানঘরের সামনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামচুলা তৈরি করেন। এ ঘটনা নিয়ে শ্রমিক লীগ ও যুবলীগের নেতার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গতকাল সকাল নয়টার দিকে শ্রমিক লীগের নেতার সমর্থকেরা যুবলীগের নেতার দখলে থাকা একটি দোকানঘর ভাঙচুর করেন। এ সময় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে আমিনুল বলেন, ‘আমার ভাড়া নেওয়া ও দখলে থাকা দোকানঘরে হোটেল ব্যবসা চালু করার প্রস্তুতি হিসেবে ঘরের সামনে চুলা তৈরি করছিলাম। এতে শ্রমিক লীগের নেতা বাধা দেন। একপর্যায়ে তাঁর লোকজন আমার দোকানের আসবাব ভাঙচুর করেন।’

মোশারফ বলেন, ‘দোকানঘরের দখল নিয়ে আমিনুলের সঙ্গে আমার বিরোধ রয়েছে। এর জের ধরে আমার শ্যালক মজনু মিয়াকে মারধর করে টাকাপয়সা কেড়ে নেন আমিনুলের লোকজন। এ কারণে আমিনুলেরদোকানঘরের কয়েকটি কাচ ভাঙচুর করা হয়েছে।’

হাটের ইজারাদার উপজেলা আওয়ামী লীগের সদস্য আল-হেলাল বলেন, আমিনুল অবৈধভাবে শ্রমিক লীগের নেতার ঘরের সামনে হোটেলের রান্না করার চুলা তৈরি করছিলেন। এতে শ্রমিক লীগের নেতা বাধা দিলে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।