শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার পুলিশের সঙ্গে সংঘর্ষ
ভোলার চরফ্যাশন শহরের শ্রমিক লীগ নেতা আবুল কাশেম ওরফে কাশেম বাতানসহ পাঁচজনকে গ্রেপ্তার করায় পুলিশ ও বাতান-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার চরফ্যাশনে ছয় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষ হয়। এতে পুলিশসহ ২০ জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় বাতানের লোকজন চরফ্যাশন থানা ঘেরাও, বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে। বর্তমানে সেখানে ব্যাপক পুলিশ ও র্যা ব মোতায়েন আছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একাধিক ব্যক্তি বলেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম বাতানের নেতৃত্বে চাঁদাবাজি, দখলবাজি, ধর্ষণ, ছিনতাই, মাদক ব্যবসার অভিযোগ আছে। গত শনিবার দিবাগত রাতে পুলিশ জিন্নাগড় ইউনিয়নের দক্ষিণ ফ্যাশন গ্রাম থেকে কাশেম, তাঁর ভাতিজা মঞ্জু বাতান, শরীফ বাতান, শ্যালক ছায়েদ আলী ও মো. ফারুককে গ্রেপ্তার করে।
এ ঘটনার পর রোববার সকালে জিন্নাগড়ের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাশেমের ভাই কাজল বাতান এবং কাশেমের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার কাউন্সিলর ফাতেমা বেগম ওরফে আরজু বাতানের নেতৃত্বে কয়েক শ নারী-পুরুষ শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এরপর লাঠিসোঁটা, ইটপাটকেলসহ আটককৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে। পুলিশ রাজপথ অবরোধমুক্ত করতে তাদের লাঠিপেটা করে। এরপর শুরু হয় পুলিশ ও বাতান-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া। একপর্যায়ে বাতান বাহিনী আটককৃতদের মুক্ত করতে থানা ঘেরাও করে হামলা চালায়। এ সময় রিপন দাস ও আরিফ বিল্লাহ নামে দুই সিপাহি আহত হন। তাঁদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চরফ্যাশন ওসি আবুল বাসার বলেন, ২৩ মে দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের গাজীবাড়িতে ডাকাতির সময় ডাকাতেরা কুপিয়ে প্রতিবেশী জাকির হোসেন, মো. লিটন ও আলাউদ্দিকে হত্যাসহ পাঁচজনকে আহত করে এবং কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় কাশেম বাতানের সম্পৃক্ততা আছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, দখলসহ একাধিক অপরাধের অভিযোগ আছে।