শ্রমিক লীগ নেতা জহিরুলের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে সংস্থার সহকারী পরিচালক আবু বকর সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, জহিরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে সরকারি বাসা, গাড়ি ব্যবহার, নিয়োগ-বদলি বাণিজ্য, ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, জহিরুলের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের গাড়ি ইচ্ছেমতো ব্যবহারের অভিযোগ রয়েছে। অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এ ছাড়া টাকার বিনিময়ে তিনি বদলি–বাণিজ্য চালিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সরকারি বাসা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে প্রতিমাসে যে পরিমাণ অর্থ কাটা হয়, জহিরুল সাংগঠনিক প্রভাব খাটিয়ে কম অর্থ দেন। এতে প্রতিবছর সরকার বড় অঙ্কের টাকার ক্ষতির সম্মুখীন হয়।