শ্রমিক লীগ নেতাকে গলা কেটে হত্যা
নরসিংদীতে ওমর ফারুক (২৫) নামে এক শ্রমিক লীগের নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাতে শহরের বীরপুর উত্তরপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ওমর ফারুক বীরপুর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি নরসিংদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকের কারবার ও ছিনতাইসহ একাধিক মামলা ছিল।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, ওমর ফারুকের নির্দিষ্ট কোনো পেশা ছিল না। রাত নয়টার দিকে আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ওমর ফারুকের গলা কাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজনের ভাষ্য, ‘তাঁর অত্যাচারে এলাকাবাসী সবাই অতিষ্ঠ। পুলিশও তাঁর কিছু করতে পারত না। সে অসংখ্যবার জেলে গেছে, আবার ফিরে এসে পুনরায় অপরাধে জড়িয়ে গেছে। সে মূলত মাদক ব্যবসায়ী ছিল। এই ব্যবসার আধিপত্য নিয়েই সে হত্যার শিকার হয়েছে। এ ঘটনায় এলাকায় মিষ্টি বিতরণের খবর শোনা যাচ্ছে।’
নিহতের বাবা আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘বীরপুর এলাকার হুমায়ুন, এনামুল, বশির, জুয়েল, নাজমুলসহ ৮-১০ জন গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে ওমর ফারুকের চাচাতো ভাই রাজনকে মারধোর করেছে। তখন ফারুক প্রতিবাদ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আবুল কাসেম বলেন, ‘নিহত ওমর ফারুক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা রয়েছে। মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার সহযোগীরাই তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’