শ্রমিক লীগ নেতার নেতৃত্বে কর্মকর্তাদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের চাল না নেওয়ায় ময়মনসিংহ খাদ্য বিভাগের দুজন কর্মকর্তাকে এক শ্রমিক লীগ নেতা ও তাঁর সহযোগীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্যগুদামে ওই ঘটনা ঘটে।

মারধরের শিকার হওয়া কর্মকর্তারা হলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) আলাউদ্দিন ও পরিদর্শক আরিফুর রহমান। এ ছাড়া ওই দুজনকে রক্ষা করতে গিয়ে গুদামের ব্যবস্থাপক শেখ হোসেন সানোয়ারও সামান্য আহত হন। এ ঘটনার পর গুদামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বেলা আড়াইটার দিকে ধর্মমন্ত্রী মতিউর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) আবু সাঈদ এবং খাদ্যগুদাম শাখা শ্রমিক লীগের সভাপতি ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি আনোয়ার হোসেন ওরফে আনু দারোগা শহরতলির খাকডহরে অবস্থিত খাদ্যগুদামে যান। গুদামে গিয়ে তাঁরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিনকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে গুদামের ভেতরে তাঁরা আলাউদ্দিন ও খাদ্য বিভাগের পরিদর্শক আরিফুর রহমানকে খুঁজে পান। এ সময় আনোয়ার হোসেনের নেতৃত্বে আট-দশজন শ্রমিক আলাউদ্দিন ও আরিফুর রহমানকে কিলঘুষি মারতে শুরু করেন। এ সময় আবু সাঈদ দাঁড়িয়ে থাকলেও হামলাকারীদের থামানোর চেষ্টা করেননি। খবর পেয়ে খাদ্যগুদামের ব্যবস্থাপক হামলাকারীদের থামাতে চেষ্টা করেন। এতে তিনিও সামান্য আঘাত পান। মারধরে আহত কর্মকর্তা আলাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পরপর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে গুদামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

খাদ্যগুদামের কর্মকর্তারা অভিযোগ করেন, গুদামে সরবরাহ করা চালের মান নিয়ন্ত্রণ করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন, খাদ্যগুদামের ব্যবস্থাপকসহ চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গত এপ্রিল মাস থেকে বিভিন্ন সময় প্রভাবশালী অনেক চালকলের মালিকের চাল নিম্নমানের হওয়ায় ফিরিয়ে দেন। শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন প্রভাব খাটিয়ে এবং চালকলের মালিকদের কাছ থেকে কমিশন নিয়ে নিম্নমানের চাল জোর করে খাদ্য বিভাগের কাছে গছানোর চেষ্টা করে বিভিন্ন সময় ব্যর্থ হন। সেই থেকে খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিনের ওপর তাঁর ক্ষোভ ছিল।

কর্মকর্তারা আরও অভিযোগ করেন, গত কয়েক দিনে মাননিয়ন্ত্রণ কমিটি বিভিন্ন চালকল থেকে আসা প্রায় ১২৪ টন চাল নিম্নমানের হওয়ায় ফিরিয়ে দেন এতে আনোয়ার হোসেনসহ ক্ষমতাসীন দলের অনেকেই কমিশন থেকে বঞ্চিত হন। এর জের ধরেই কর্মকর্তাদের মারধর করা হয়েছে।

মারধরের শিকার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) আলাউদ্দিন বলেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম তাঁরা আমার সঙ্গে কথা বলার জন্য এসেছেন। কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই আট-দশজন লোক আমাকে মারধর করতে থাকেন। মারধর করা ব্যক্তিদের মধ্যে আনোয়ার হোসেন ছিলেন। এর কাছেই দাঁড়িয়েছিলেন আবু সাঈদ।’

গুদামের ব্যবস্থাপক শেখ হোসেন সানোয়ার বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

 শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন খাদ্য বিভাগের কর্মকর্তাদের মারধর করার এবং চালকল মালিকদের কাছ থেকে কমিশন নিয়ে নিম্নমানের চাল গুদামে দেওয়ার চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘গুদামের শ্রমিকেরা প্রায় আট মাস ধরে বেতন পাচ্ছেন না। এই ক্ষোভ থেকে তাঁরা কর্মকর্তাদের মারধর করার চেষ্টা করেছেন। আমরা থামিয়ে দিয়েছে।’

ধর্মমন্ত্রীর এপিএস আবু সাঈদ বলেন, ‘খাদ্য বিভাগে আমার কোনো স্বার্থ নেই। শ্রমিকেরা উত্তেজিত হয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে গিয়েছিলাম। পরে আমি উত্তেজিত শ্রমিকদের থামিয়ে ঘটনা মীমাংসা করে দিয়েছি।’

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমি নিজেই ঘটনাস্থলে যাই। কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। আপাতত এর বেশি বলা সম্ভব না।’