শ্রমিক লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। টেম্পোস্ট্যান্ড দখল নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় মাওনা-ফুলবািড়য়া আঞ্চলিক সড়কে চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মাওনা চৌরাস্তা এলাকায় একটি টেম্পোস্ট্যান্ড রয়েছে। সেখান থেকে কালিয়াকৈরের ফুলিবািড়য়া পর্যন্ত টেম্পো চলাচল করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শ্রীপুর আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মাওনা-ফুলবাড়িয়াসহ বিভিন্ন সড়কের টেম্পোস্ট্যান্ড ও সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল করেন।
চলতি বছরের প্রথম দিকে উপজেলা শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগের কর্মী লিটন ফকির মাওনা-ফুলবািড়য়া সড়কের টেম্পোস্ট্যান্ডটি দখল করে নেন। এর পর থেকে ওই সড়কে চলাচলকারী প্রতিটি পিকআপ ভ্যান, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩০-৪০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। ওই স্ট্যান্ডের দখল নিয়ে গতকাল সকালে মাওনা চৌরাস্তার পূর্ব পাশে শ্রমিক লীগের নেতা মুজিবুর রহমান ও পশ্চিম পাশে লিটন ফকিরের লোকজন অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করলে দুই পক্ষের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাওনা চৌরাস্তার বিভিন্ন স্ট্যান্ড শ্রমিকদের মধ্যে ভাগ করে দেন। কিন্তু লিটন ফকির স্ট্যান্ডগুলো জোরপূর্বক দখল করে রেখেছেন।
লিটন ফকির দাবি করেন, ‘আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মাওনা চৌরাস্তা এলাকার বিভিন্ন স্ট্যান্ড শ্রমিক লীগের নেতা-কর্মীদের মধ্যে ভাগ করে দিয়েছেন। সেই হিসাবে আমি মাওনা-ফুলবািড়য়া সড়কের সিএনজি, লেগুনা ও টেম্পোস্ট্যান্ড দেখাশোনা করে আসছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান বলেন, তাঁরা কাউকে চাঁদাবাজি করার অনুমতি দেননি।
শ্রীপুর থানার (ওসি) মহসিন-উল কাদির জানান, পুলিশ ধাওয়া করে দুই পক্ষের লোকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।