শ্রমিক লীগের পলাতক নেতার বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জসিম ভূঁইয়া ওরফে কানা জসিমের বাড়ি গত মঙ্গলবার রাতে আগুনে পুড়ে গেছে। দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জসিম মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনার মামলার পলাতক আসামি।
উপজেলার উত্তর আলগী ইউনিয়নে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এ সময় ঘরে কেউ ছিল না।
গতকাল বুধবার বেলা একটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জসিমের ঘর জ্বলছে। আগুনে আট কক্ষের আধা পাকা বাড়ির ভেতরে থাকা সবকিছু ছাই হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জসিমের প্রতিবেশী হিরা (১৯) জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঠুসঠাস আওয়াজ শুনে তাঁর ঘুম ভাঙে। এ সময় তিনি দরজা খুলে দেখেন জসিমের বাড়ি আগুনে জ্বলছে।
আরেক প্রতিবেশী শাহিদা বেগম জানান, ভোর চারটায় তিনি ঘটনা টের পান। হিরার ভাই জুলহাস সঙ্গে সঙ্গে পাশের মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে বিষয়টি জানান। মুয়াজ্জিন মহিউদ্দিন মসজিদের মাইক দিয়ে আগুন নেভাতে সহযোগিতা চাইলে এলাকার অনেকে ছুটে আসেন। কিন্তু কেউ আগুন নেভাননি।
ওই এলাকার পাঁচ ব্যক্তি জানান, ভোরে যেভাবে আগুন জ্বলছিল তাতে মনে হয়েছে সেখানে কেউ আগুন দিয়েছে। আর ওই বাড়ির সবাই পুলিশের ভয়ে পলাতক। তাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা কম।
ফায়ার সার্ভিসের হাইমচর স্টেশন কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, তাঁরা চারটার দিকেই খবর পেয়েছিলেন। কিন্তু কাঁচা রাস্তা হওয়ায় ঘটনাস্থলে যেতে পারেননি। তাই এ বিষয়ে তাঁদের কিছু বলার নেই।
পুলিশ জানায়, হাইমচর থানায় জসিমের বিরুদ্ধে মাদকের দুটি মামলা আছে। ১৭ আগস্ট রাতে পুলিশ জসিমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় জসিম ও তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে জসিম হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় জসিমসহ ১৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।