শ্রমিক সরদারকে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামে ইটভাটার এক শ্রমিক সরদারের পায়ে শিকল বেঁধে চার দিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে তাঁকে উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই শ্রমিক সরদারের নাম শফিকুল ইসলাম (৪৮)। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বদ্দাহাট গ্রামের বাসিন্দা।
আলাদীপুর গ্রামের চার-পাঁচজন বলেন, শফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় শ্রমিক সরবরাহ করে থাকেন। আলাদীপুর গ্রামের এম কে টি ব্রিকস নামের একটি ভাটার মালিক আশরাফুল ইসলাম শ্রমিক সরবরাহের জন্য তিন মাস আগে শফিকুল ইসলামকে ৮০ হাজার টাকা দেন। কিন্তু শফিকুল ইসলাম শ্রমিক না এনে টালবাহানা করেন। ইট তৈরির মৌসুম শেষ পর্যায়ে চলে এলেও তিনি শ্রমিক দেননি। গত মঙ্গলবার শ্রমিক দেওয়ার কথা বলে পাশের একটি ভাটায় টাকা নিতে এলে আশরাফুল ইসলামের লোকজন শফিকুল ইসলামকে ধরে নিয়ে যায়।
শফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুপুর থেকে শুক্রবার রাত পর্যন্ত আমাকে প্রায় ৩০ ফুট শিকল পায়ে দিয়ে ভাটার একটি ঘরের ভেতর বেঁধে রাখা হয়। সেখানে আমাকে মারধর করা হয়েছে।’
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই ভাটা থেকে শফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় ভাটার ব্যবস্থাপক এনামুল হক, ট্রাকচালক শহিদুল ইসলাম ও কর্মচারী ময়নুল হোসেনকে আটক করা হয়।
ওই ভাটার মালিক আশরাফুল ইসলাম বলেন, ‘শিকল দিয়ে বেঁধে নির্যাতনের কথা সত্য নয়। তবে টাকা আদায়ের জন্য শফিকুল ইসলামকে আটকে রাখা হয়েছিল। তাঁর কারণে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ছাড়াও আরও দুটি ভাটার মালিকের সঙ্গে তিনি এভাবে প্রতারণা করেছেন।’
শিবগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, ‘অভিযোগ পাইনি। যত দূর জানি, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’