সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন ও গর্ত ধসে শ্রমিক হতাহতের ঘটনা পুলিশ ও প্রশাসন নয়, বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাননবন্ধন চলাকালে সমাবেশে বক্তারা যাদের গাফিলতিতে ঘটনা ঘটল, তাদের দিয়ে তদন্ত কেন—এ প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।
শাহ আরেফিন টিলায় গত সোমবার সকালে অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় একটি গর্ত ধসে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।
বাপার মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে বলা হয়, প্রচলিত আইন অনুযায়ী পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ। এ ছাড়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট করে সিলেট, কোম্পানীগঞ্জসহ ছয়টি উপজেলার কোনো পাহাড়-টিলা কাটা নিষিদ্ধ করা হয়। এ অবস্থায় ২০০৯ সাল থেকে অসাধু পাথর ব্যবসায়ীরা পর্যায়ক্রমে টিলা কাটা অব্যাহত রাখার পর শ্রমিক হতাহতের ঘটনার দায় জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারে না। এ অবস্থায় যাঁদের দায়িত্ব পালনের অবহেলায় ঘটনা ঘটল, তাঁদের দিয়ে তদন্ত করা রীতিমতো প্রহসনের শামিল। বক্তারা পুলিশ ও প্রশাসনের দায়িত্ব পালনের অবহেলা তদন্ত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে সমাবেশে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বক্তব্য দেন।
পুলিশের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘটনা তদন্তে সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়ার নেতৃত্বে পুলিশের তদন্ত কমিটি শাহ আরেফিন টিলা সরেজমিন পরিদর্শন করেছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, টিলা অবৈধভাবে কাটা, পাথর উত্তোলন ও শ্রমিক মৃত্যুর ঘটনার পেছনে পুলিশের গাফিলতি আছে কি না, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।