শ্রমিকদের বেঁধে রেখে ১৫০ বস্তা চাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় গোপেশ্বরী ভান্ডার অ্যান্ড বাছাই মিলের নৈশপ্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে দুর্বৃত্তরা ৫০ কেজি ওজনের ১৫০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার ভোররাতে এই লুটের ঘটনা ঘটেছে।
নৈশপ্রহরী মেছের আলী বলেন, ভোর চারটার দিকে একটি ট্রাক ওই মিলের সামনে দাঁড়ায়। এরপর মিলের প্রধান ফটকের তালা ভেঙে ২০-২৫ জন ধারালো অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে পড়ে। তারা তাঁকেসহ মিলের মধ্যে ঘুমিয়ে থাকা নয়জন শ্রমিককে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে। এরপর দুর্বৃত্তরা মিলের ভেতরে থাকা হরিণ মার্কা এক নম্বর নাজিরশাইল চাল ও মেসার্স শ্রী দুর্গার একই জাতের ১৫০ বস্তা চাল ওই ট্রাকে তুলে নেয়। এ ছাড়া তাঁদের কাছে থাকা মুঠোফোনের পাঁচটি সেট ছিনিয়ে নিয়ে চলে যায়।
ওই মিলের মালিক নূপুর ঘোষ বলেন, লুট করে নিয়ে যাওয়া চালের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। চালগুলো উন্নতমানের ছিল।