শ্রমিকদের মজুরি নিয়ে পালালেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কর্মসৃজন প্রকল্পের ৫০ জন নারী শ্রমিকের মজুরি কেড়ে নিয়ে দেলোয়ার হোসেন নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ৫০ নারী গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। দেলোয়ার উপজেলার খয়েরপুর-আবদুল্লাহপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপির সদস্য।
কয়েকজন নারী শ্রমিক জানান, বাজুকা ও খলাপাড়া গ্রাম দুটি ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গ্রাম দুটিতে সরকারের কর্মসৃজন কর্মসূচি চালু আছে। ৩ নম্বর ওয়ার্ডে ৫০ জন শ্রমিক কাজ করেন। তাঁরা তাঁদের মজুরির টাকা কৃষি ব্যাংকের উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন শাখা থেকে উত্তোলন করেন। জুন মাসের মজুরি কার্ড দেলোয়ারের হাতে ছিল। মজুরি উত্তোলন করতে গত সোমবার দেলোয়ার ৫০ জনকে একত্র করে একটি নৌকায় করে আবদুল্লাহপুর নিয়ে যান। নৌকা থেকে নামার পর সবার হাতে কার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আনতে বলেন। প্রত্যেক শ্রমিক ৬ হাজার ২২৫ টাকা করে উত্তোলন করেন। টাকা নিয়ে বিকেলে তাঁরা ওই নৌকাতেই বাড়ি ফিরছিলেন। দেলোয়ারও তাঁদের সঙ্গে ছিলেন। বিকেল চারটার দিকে নৌকাটি আবদুল্লাহপুর ও খলাপাড়া গ্রামের মাঝামাঝি স্থান অতিক্রমের সময় মাঝিকে নৌকার ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন দেলোয়ার। নির্দেশ পেয়ে মাঝি নদীর মধ্যেই ইঞ্জিন বন্ধ করে দেন। তখন দেলোয়ার সবাইকে মজুরির টাকা থেকে তাঁকে জনপ্রতি ৩ হাজার ১১০ টাকা করে দিয়ে দিতে বলেন। রাজি না হলে সহযোগী গুরেন্দ্র চক্রবর্তীকে সঙ্গে নিয়ে জোর করে সবার কাছ থেকে তিন হাজার টাকা করে কেড়ে নেন দেলোয়ার। পরে খলাপাড়ায় গিয়ে নৌকা থেকে নেমে পালিয়ে যান তাঁরা।
বাজুকা গ্রামের খুদিয়া রবিদাস নামে একজন শ্রমিক বলেন, ‘আমরার টেহা তোমারে দিমু কেন—কইবার পর দেলোয়ার আমরারে কই, হে নাহি সরকারের ঘর থাইক্কা কাম কিইন্না আনছে। এর লাইগ্গা হেরে অর্ধেক টেহা দিয়া দিতে হইব।’ খলাপাড়া গ্রামের সীমা রানি, চন্দনা রানি ও বাজুকা গ্রামের জোছনা রানি বলেন, টাকা দিতে রাজি না হওয়ায় দেলোয়ার ও তাঁর সহযোগী লাঠি হাতে সবার ওপর চড়াও হন। কাউকে কাউকে লাঠি দিয়ে আঘাতও করেন। পরে সবার কাছ থেকেই টাকা কেড়ে নেন।
৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিরা মিয়া বলেন, ‘টাকা নিয়ে যাওয়ার পর শ্রমিকরা নালিশ নিয়ে আমার কাছে আসেন। আমি তাঁদের ইউএনওর কাছে নিয়ে যাই।’
মুঠোফোনে দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি ওই নারী শ্রমিকদের কাছ থেকে কোনো টাকাপয়সা নেইনি। একটি পক্ষ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’ ইউএনও মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, ‘তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দরিদ্র শ্রমিকেরা যেন তাঁদের খোয়া যাওয়া মজুরি ফিরে পান সে চেষ্টা করা হবে।’