শ্রমিকদের মারধরে ঠিকাদার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটি কাটার টাকা নিয়ে বিরোধের জের ধরে পাবনার ফরিদপুর উপজেলায় এক ঠিকাদারকে পিটিয়ে হত্যা করেছেন শ্রমিকেরা। গত রোববার দেওভোগ গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত ঠিকাদারের নাম মুন্নাফ মণ্ডল (৪৮)। এ ঘটনায় নিহত মুন্নাফের ভাই সাহেব আলী বাদী হয়ে ফরিদপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, নিহত মুন্নাফ মাটি কাটার ঠিকাদার ছিলেন। তিনি শ্রমিকদের দিয়ে চুক্তিভিত্তিতে মাটি কাটানোর কাজ করতেন। সম্প্রতি টাকা লেনদেন নিয়ে শ্রমিকদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের জন্য রাত নয়টার দিকে তিনি শ্রমিকদের সঙ্গে বাড়ির পাশের একটি ফুটবল মাঠে আলোচনায় বসেন। কথাবার্তার একপর্যায়ে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে মুন্নাফকে মারধর শুরু করেন। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত ব্যক্তির ভাই সাহেব আলী দাবি করেন, তাঁর ভাই ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাটি কাটার ঠিকাদারি করতেন। গত শুক্রবার ঢাকা থেকে বাড়িতে এলে গ্রামের কয়েকজনের সঙ্গে টাকা নিয়ে বিরোধ বাধে। নিজেদের কাজের সুবিধার্থে তারা মুন্নাফকে পিটিয়ে হত্যা করেছে।
ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মাটি কাটার টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।