শ্রমিকদের সংঘর্ষ, পুলিশের গুলি, যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুপুরে শ্রমিকদের সংঘর্ষে সান্তাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থক দুই দল শ্রমিকের পুরোনো বিরোধের জেরে ওই সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উত্তেজিত শ্রমিক ও গ্রামবাসী পরে জাতীয় পার্টির উপজেলা কার্যালয় এবং নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কয়েকটি গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।

কয়েক দিন ধরে সান্তাহার শহরে আওয়ামী লীগ সমর্থক সিএনজিচালিত অটোরিকশা ও জাতীয় পার্টির সমর্থক ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এর জেরে গতকাল বেলা একটার দিকে শহরের সিএসডি গুদামের সামনে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের রামদা ও পুলিশের শটগানের গুলিতে শ্রমিকনেতা শফিকুল ইসলাম, তাঁর ছোট ভাই বাশেদুল ইসলাম ওরফে বাদশাহ, শ্রমিকনেতা মতিয়ুর রহমান, নুর ইসলামসহ অন্তত ১০ জন আহত হন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শফিকুল ইসলাম। তাঁর শরীরে গুলির দাগ এবং মাথায় ও হাতে কোপের চিহ্ন রয়েছে। গুরুতর আহত বাশেদুলকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, সংঘর্ষে জড়িত সন্দেহে আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল লতিফকে আটক করা হয়েছে।  তিনি সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের গুলি ছোড়ার কথা স্বীকার করেন।