শ্রমিকনেতা লাকীকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার নেতা লাকী আক্তারকে সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। সংগঠনটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।

সংগঠনটির অভিযোগ, গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক একটার দিকে জয়দেবপুর থানার পুলিশ পরিচয় দেওয়া লোকেরা লাকীকে তাঁর নিজ বাসা থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

আজ সকাল নয়টার দিকে জয়দেবপুর থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান বলেন, একজন নারী শ্রমিকনেতা থানায় আছেন।

সংগঠনটির ভাষ্য, গাজীপুরে বেআইনিভাবে বন্ধ করা ভিউ ফ্যাশন লিমিটেড কারখানায় চলমান শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন লাকী। কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কলকারখানা অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাওয়ের পূর্বঘোষিত কর্মসূচি আছে।

বিবৃতিতে লাকীকে গ্রেপ্তার বা আটকের দায়িত্ব অবিলম্বে স্বীকার করার জন্য আহ্বান জানানো হয়েছে। তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনে দমনপীড়ন ও জুলুম বন্ধের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কলকারখানা অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাওয়ের পূর্বঘোষিত কর্মসূচির সঙ্গে লাকীকে তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হবে।