শ্রমিকের গালে পুলিশের চড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে থানাহাজতে আটক এক শ্রমিকের জন্য খাবার নিয়ে যাওয়া আরেক শ্রমিককে পুলিশ কর্মকর্তা চড় মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, মালনীছড়া রাবার শ্রমিকনেতা জয় মাহাত্ম্য কুর্মিকে গ্রেপ্তার করা হয় গত সোমবার দুপুরে। রাতে তাঁকে রাখা হয় সিলেট কোতোয়ালি থানাহাজতে। খবর পেয়ে সিলেট হোটেল শ্রমিক ইউনিয়নের সদস্য মো. ইউসুফ জামিল সোমবার রাত সাড়ে নয়টার দিকে হাজতবন্দী শ্রমিকনেতাকে কিছু শুকনো খাবার দিতে থানায় গেলে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা তাঁকে চড় মেরে বিদায় করে দেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন মো. ইউসুফ জামিল।
তিনি বলেন, পুলিশ কর্মকর্তাকে আমি চিনতে পারিনি। তাঁর হাতে একটি ওয়্যারলেস সেট ও পরনে টি-শার্ট ছিল। চড় মেরে তিনি বলেন, ‘আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করি না!’ কোতোয়ালি থানায় ওই দিন রাতের পালায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির বলেন, ‘থানায় এ ধরনের কোনো ঘটনার কথা শুনিনি। কেউ ঘটিয়েছে বলেও জানি না।’