শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙারচালা এলাকায় এক শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। গতকাল সোমবার সকালে ওই শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই শ্রমিক হলেন টাঙ্গাইলের দেলদুয়ার থানার টুমনীখোলা এলাকার সত্য মণ্ডল (৫০)। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সত্য মণ্ডল তাঁর স্ত্রী কিরণ রানী, দুই ছেলে বিশ্বনাথ ও শিবনাথকে নিয়ে কামরাঙারচালা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত রোববার পাশের কক্ষের ভাড়াটে রাকিব হোসেন ও তাঁর স্ত্রী হেলেনার সঙ্গে সত্য মণ্ডলের ঝগড়া হয়। ওই দিন রাতে রাকিব কয়েকজন লোক নিয়ে সত্য মণ্ডলকে মারধর করেন। এ ঘটনার পর রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন সত্য মণ্ডল। গতকাল সকালে ঘুম থেকে উঠে সত্য মণ্ডলকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে পাশের বাড়ির দোতলার ছাদের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সত্য মণ্ডলের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সত্য মণ্ডলের ছেলে বিশ্বনাথ বলেন, ‘রাকিব লোকজন নিয়ে আমার বাবাকে মারধর করেন। এতে অভিমান করে বাবা আত্মহত্যা করেছেন। বাবার মৃত্যুর জন্য রাকিব ও তাঁর স্ত্রী হেলেনা দায়ী।’