শ্রমিকের লাশ উদ্ধার, সিমেন্ট কারখানায় ভাঙচুর
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর জেটি এলাকা থেকে গতকাল রোববার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে স্থানীয় বাসিন্দারা নিহত ব্যক্তির কর্মস্থল সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার সেভেন হর্স সিমেন্ট কারখানায় ভাঙচুর করেছে।
নিহত বিল্লাল হোসেন (৩৮) আইলপাড়ার আবুল হোসেনের ছেলে। সেভেন হর্স সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন তিনি। সহকর্মীরা বলেন, বিল্লাল গত শনিবার বেলা দুইটায় কাজে যোগ দেন। রাত আটটার পর থেকে তিনি নিখোঁজ হন।
পুলিশ জানায়, গতকাল সকালে শীতলক্ষ্যা নদীর কারখানার জেটি-সংলগ্ন এলাকায় একটি লাশ দেখে স্থানীয় জনতা তাদের খবর দেয়। পুলিশ বেলা ১১টায় লাশ উদ্ধার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক শ ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহত ব্যক্তির আত্মীয়স্বজন সেভেন হর্স সিমেন্ট কারখানার নিরাপত্তা প্রহরীর কার্যালয় ও সিমেন্ট বহনকারী ছয় থেকে সাতটি গাড়ির কাচ ভাঙচুর করে। এ ঘটনায় সকাল থেকে আট ঘণ্টা কারখানার উৎপাদন বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্ল্যাহ বলেন, বিল্লাল হোসেনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তিনি আরও বলেন, বিল্লালের সঙ্গে গত বৃহস্পতিবার একই কারখানার এক কর্মচারীর ঝগড়া হয়েছিল। ঝগড়ার সূত্র ধরেই ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে থানায় আনা হয়েছে।
সেভেন হর্স কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সেলিম রেজা বলেন, সকালে বিল্লালের লাশ উদ্ধারের পর উত্তেজিত জনতা কারখানার নিরাপত্তা প্রহরীর কক্ষের জানালার ও ছয় থেকে সাতটি গাড়ির কাচ ভাঙচুর করেছে। এ ঘটনায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ ছিল।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবেই মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।