গাজীপুরের কালিয়াকৈরে তোফাজ্জল হোসেন (৪২) নামের এক শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বলিয়াদী এলাকার একটি পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈরে নিহত তোফাজ্জল হোসেন উপজেলার নয়ানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে। তিনি মাটি কাটার কাজ করতেন।
পুলিশ সূত্র জানায়, তোফাজ্জল প্রতিদিন সকালে মাটি কাটার কাজ করতে বাড়ি থেকে বের হয়ে রাত ১০-১১টার দিকে ফিরে আসতেন। গত সোমবার সকালেও তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু রাতে আর ফেরেননি। পরদিন সকালেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন শঙ্কিত হন। তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দুপুরের দিকে উপজেলার বলিয়াদী এলাকার একটি পুকুরের পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজা মিয়া বলেন, পূর্বশত্রুতার জেরে তোফাজ্জলকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকার বিপণিবিতান সিটি সেন্টারের পাশের একটি ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলতে গিয়ে একটি ছেলে ওই নবজাতকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে একটি কাগজের বাক্সে ভরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ওসি বলেন, কে বা কারা ডাস্টবিনে লাশটি ফেলে রেখে গেছে।