শ্রমিক-ছাত্র সংঘর্ষ, লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে পরিবহনশ্রমিকদের সঙ্গে সিলেটের শাহজালাল সিটি কলেজের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসসহ অন্তত ১০০টি ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে কলেজে ঢুকে ছাত্রদের বেদম লাঠিপেটা করে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট শহরের মেন্দিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ ও লাঠিপেটার ঘটনায় ছাত্র, শ্রমিক, পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতজন কলেজছাত্রসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। তবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
আহত ব্যক্তিদের মধ্যে কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জুবায়ের আহমদ, রাকু চন্দ্র দাস, সাজু আহমদ, একাদশ শ্রেণির নাইম আহমদ, জুবের আহমদসহ ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, শাহজালাল সিটি কলেজের সামনে মেন্দিবাগ এলাকার একটি মাইক্রোবাসস্ট্যান্ড থেকে গত কয়েক দিন ধরে বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। গতকাল দুপুরে কলেজের এক ছাত্রী মাইক্রোবাসস্ট্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় বখাটেদের কটূক্তির শিকার হন। এ খবর ছড়িয়ে পড়লে কলেজের কয়েকজন ছাত্র মাইক্রোবাসস্ট্যান্ডে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় পরিবহনশ্রমিকের সঙ্গে ছাত্রদের কথা-কাটাকাটি হয়। পরে কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী সেখানে উপস্থিত হন। এ সময় তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়া হলে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অধ্যক্ষসহ ছাত্ররা সেখান থেকে চলে যাওয়ার কিছু সময় পর কয়েকজন ছাত্র মাইক্রোবাসস্ট্যান্ডে এসে কয়েকটি গাড়িতে ঢিল ছোড়ে চলে যান। এরপরই শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাইক্রোবাসস্ট্যান্ডে থাকা শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কলেজের সামনে অবস্থান নেন। এ সময় ছাত্ররা কলেজ থেকে বের হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, কলেজের সামনের মাইক্রোবাসস্ট্যান্ডটি অবৈধ। সেখানে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ছাত্ররা বিক্ষুব্ধ ছিলেন। ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানানোয় পরিবহনশ্রমিকেরা ছাত্রদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি আর নিয়ন্ত্রণের মধ্যে ছিল না।
কলেজসূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মেন্দিবাগ এলাকায় ছাত্রদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে শহরের অন্য এলাকা থেকে আরও শ্রমিকেরা ঘটনাস্থলে যান। তাঁরা মাইক্রোবাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় টাঙানো শাহজালাল সিটি কলেজের নামফলক (সাইনবোর্ড) উপড়ে ফেলেন এবং তাতে অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে শ্রমিকেরা কলেজের ভেতরে প্রবেশ করলে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করায় মেন্দিবাগসহ শাহজালাল উপশহর এলাকার মোড় এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় নির্বিচারে লাঠিপেটা শুরু করে পুলিশ।
তবে স্ট্যান্ডের দায়িত্বে থাকা পরিবহন শ্রমিক ইউনিয়নের একজন সদস্য বলেন, স্ট্যান্ড এলাকায় এক ছাত্রীর সঙ্গে আরেক ছাত্রের ঝগড়া হয়। এ নিয়ে কলেজের ভেতরে ছাত্রদের মধ্যে মারামারি হয়। এরপর কয়েকজন ছাত্র মাইক্রোবাসস্ট্যান্ডে এসে পাঁচটি গাড়িতে ঢিল ছোড়ে। এরপরই সংঘর্ষ বাধে।
সেখান থেকে বের হয়ে স্ট্যান্ডে থাকা গাড়ি ভাঙচুর করে। এ অবস্থা ঠেকাতে পরিবহ শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছিলেন বলে তিনি জানান।
কলেজের প্রভাষক অহি আলম রেজা বলেন, পরিবহনশ্রমিকদের হামলা ও পুলিশের লাঠিপেটার মুখে পড়ে ছাত্রদের সঙ্গে শিক্ষকদেরও নাজেহাল হতে হয়েছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ বলেন, ছাত্রদের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষের পেছনে অন্য কোনো কারণ আছে কি না—এ বিষয়টি খতিয়ে দেখতে তাঁরা পুলিশকে অনুরোধ করেছেন। তিনি বলেন, ঘটনাটি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, ১৪২টি ফাঁকা গুলি ও সাতটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনার সূত্রপাত কীভাবে—এ প্রশ্নে পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি মাইক্রোবাসস্ট্যান্ড এলাকায় ছাত্রছাত্রীদের যাতায়াতকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।’ নির্বিচারে লাঠিপেটার প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই পক্ষই মারমুখী ছিল। সংঘর্ষ থামাতে লাঠিপেটা করতে হয়েছে।’