শ্রাদ্ধের টাকাও নিয়ে গেল ডাকাত
গৃহকর্তার শ্রাদ্ধের অনুষ্ঠান আর বাড়ির মেয়ের বিয়ের জন্য রাখা ছিল চার লাখ টাকা। আগামীকাল বুধবার শ্রাদ্ধানুষ্ঠান। তবে এর আগেই ডাকাতেরা অস্ত্রের মুখে নিয়ে যায় সব টাকা। যশোরের কেশবপুরের ভালুকঘর গ্রামে গতকাল সোমবার রাতে অনন্ত সরকারের বাড়িতে পুলিশ পরিচয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতেরা অস্ত্রের মুখে ১৭ ভরি সোনা এবং নগদ সাড়ে চার লাখ টাকা নিয়ে গেছে। ফলে বাড়ির গৃহকর্তা সুনীল সরকারের শ্রাদ্ধের খাওয়াদাওয়ার খরচ এবং তাঁর নাতনির বিয়ের অনুষ্ঠান এখন বন্ধ হওয়ার আশঙ্কা করছে পরিবারটি।
সুনীল সরকারের এক ছেলে সুকান্ত সরকারের ভাষ্য, রাত একটার দিকে পুলিশ পরিচয় দিয়ে একদল লোক ভাই নিখিল সরকারের দরজায় ডাকতে থাকে। তিনি দরজা খোলামাত্রই অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতেরা তাঁর কাছে থাকা জমি বিক্রির দুই লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে নেয়। এরপরে আরেক ভাই অনন্ত সরকারের ঘর থেকে আড়ই লাখ টাকা নিয়ে নেয়। অনন্ত সরকার তাঁর মেয়ের বিয়ের জন্য ওই টাকা জোগাড় করে রেখেছিলেন। এরপর তাঁর (সুকান্ত সরকার) কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে নেয়।
পরিবারের লোকজন জানান, শ্রাদ্ধানুষ্ঠান এবং বিয়ের কারণে আত্মীয়স্বজনেরা বাড়িতে এসেছেন। ডাকাতেরা সবার কাছ থেকে ১৭ ভরির মতো স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাঁরা জানান, বাড়ির গৃহকর্তা সুনীল সরকারের শ্রাদ্ধের খাওয়াদাওয়া কাল বুধবার হওয়ার কথা। সেই সঙ্গে অনন্ত সরকারের মেয়ে টুম্পা সরকারের ৫ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য আছে। ডাকাতির কারণে দুটি অনুষ্ঠান করার সক্ষমতা নিয়ে আশঙ্কা করেছেন পরিবারের লোকেরা।
অনন্ত সরকারের স্ত্রী সবিতা সরকারের ভাষ্য, তাঁকে বেদম মারধর করা হয়েছে। চিৎকার করলে তাঁকে ডাসা দিয়ে পেটায় ডাকাতেরা। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি মেয়ের বিয়ে দেব কীভাবে আর শ্বশুরের শ্রাদ্ধের খাওয়াদাওয়া কীভাবে হবে।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় আমিনুল ইসলাম নামের এজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।