শ্রীনগর ও বেলাবতে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার একটি ডোবা থেকে গতকাল শুক্রবার ইস্রাফিল ঢালী ওরফে সোহাগ (২৯) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে নরসিংদীর বেলাবতে নিখোঁজের নয় দিন পর আলকাছ মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইস্রাফিল গত ২৯ ডিসেম্বর রাজবাড়ী থেকে শ্রীনগরে চাচা মোখলেছ আলী ও আইয়ুব ঢালীর বাড়িতে বেড়াতে আসেন। চাচাতো ভাইয়ের সঙ্গে ঘোরাঘুরি করে ফেরার পথে তিনি নিখোঁজ হন। তাঁকে আশপাশের কোথাও না পেয়ে পরদিন তাঁর বাবা মো. ইউনুস ঢালী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ইস্রাফিলের স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।
ইস্রাফিল রাজবাড়ী শহরের তৈরি পোশাক ও ওষুধের ব্যবসা করতেন। গতকাল রাতে ইস্রাফিলের বাবা ইউনুস ঢালী বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা করেন।
বেলাব থানার পুলিশ, পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, গতকাল বেলা তিনটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নোয়াকান্দি বিল থেকে আলকাছের লাশ উদ্ধার করা হয়। আলকাছ উপজেলার রহিমের কান্দি গ্রামের ইমান আলীর ছেলে।
গত ২৪ ডিসেম্বর বিকেলে আলকাছ তাঁর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন বেলাব থানায় একটি জিডি করেন। গতকাল দুপুরে স্থানীয় লোকজন নোয়াকান্দি বিলে মাছ ধরতে যান। তাঁরা কচুরিপানার নিচে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।