শ্রীনগর ও সিরাজদিখানেসহিংসতায় আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর গত শুক্রবার ও গতকাল শনিবার বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে জাহিদুল ইসলাম নামের একজনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিত্রকোট ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শামসুজ্জামানের সমর্থক গোয়ালখালী গ্রামের জাহিদুল ইসলাম শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে ঢাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে তিনি ঢাকা-নবাবগঞ্জ রোডের তুলসীখালী সেতুর ঢালে পৌঁছালে বিজয়ী প্রার্থী সামছুল হুদার একদল সমর্থক তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে একদল বাসযাত্রী জাহিদুলকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে ঢাকার সলিমুল্লাহ হাসপাতালে ভর্তি করেন। স্বজনেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে গতকাল বিকেলে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শুক্রবার দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউপির বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সেলিম তালুকদারের সমর্থক ও আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হন। এ ছাড়া একই দিন তদন্তর ইউপির বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগের জাকির হোসেনের সমর্থক ও আওয়ামী লীগের পরাজিত বিদ্রোহী প্রার্থী আলী আকবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরও সাতজন আহত হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর থানার ওসি সাইফুর রহমান জানিয়েছেন, এ দুটি ঘটনায় কেউ মামলা করেনি।
পুলিশের মামলা: অন্যদিকে গত বৃহস্পতিবার নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে। কুকুটিয়া ইউপির নাগরভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটাভোগ ইউপির মাশুরগাঁও উত্তর পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে হামলা, গুলি ও বোমাবাজির ঘটনায় শ্রীনগর থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে শুক্রবার রাতে এ দুটি মামলা করেন। দুটি মামলায় ২৬০ জনকে আসামি করা হয়েছে।