শ্রীনগরে আলুখেতে প্রবাসীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আলুখেত থেকে গতকাল বৃহস্পতিবার সকালে আতাউর রহমান (৪৫) নামের এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহত ব্যক্তির স্ত্রী চম্পা বেগমকে (৩৫) সন্দেহজনকভাবে আটক করেছে।
আতাউর শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ওরফে মিন্টুর বড় ভাই বলে জানা গেছে। আতাউর দীর্ঘদিন জাপানে ছিলেন।
পুলিশ জানায়, গত ডিসেম্বরে আতাউর তাবলিগ জামাতের এক চিল্লার উদ্দেশে বাড়ি থেকে বের হন। গত বুধবার তিনি টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান থেকে স্ত্রীকে ফোন করেন। এ সময় স্ত্রীর সঙ্গে মুঠোফোনে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে তিনি স্ত্রীর কাছে আত্মহত্যা করবেন বলে জানান। গতকাল সকালে শ্রীনগরের ভাটপাড়া আলুখেত থেকে আতাউরের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, আতাউরের হাত-পা নাইলনের দড়ি ও মুখ লাল রঙের মাফলারে বাঁধা ছিল। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, চম্পার সঙ্গে কারও পরকীয়া চলছিল বলে আতাউর সন্দেহ করতেন। এ নিয়ে চম্পার সঙ্গে অনেক দিন ধরে তাঁর বিবাদ চলছিল। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চম্পাকে আটক করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় আতাউরের বাবা আবদুল বারেক শেখ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গতকাল শ্রীনগর থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।